মা'আরিফুল হাদীস

কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৭
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষাবলির নিয়মানুবর্তীতা
১৭. ইমাম মালিক ইবনে আনাস (রহ) থেকে ইরসাল রূপে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি দু'টি জিনিস রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত এ দু'টিকে শক্তভাবে আঁকড়ে থাকবে কখনো গোমরাহ হবে না (তা এই) আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাত। (মু'আত্তা ইমাম মালিক)
کتاب الاعتصام بالکتاب والسنۃ
عَنْ مَالِكِ بْنِ اَنَسٍ مُرْسَلا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ رَسُولِهِ. (رواه فى المؤطا)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের দাবি হচ্ছে, আমার পর আমার আনীত আল্লাহর কিতাব ও আমার সুন্নাত আমার স্থলবর্তী হবে। উম্মত যতক্ষণ পর্যন্ত উভয়টিকে শক্তভাবে আঁকড়ে থাকবে, গোমরাহী থেকে নিরাপদ এবং হিদায়াতের পথে দৃঢ় থাকবে।

এ ধারাবাহিকতায় মা'আরিফুল হাদীসে এ কথা বারংবার উল্লেখ করা হয়েছে যে, কোন তাবিঈ কিংবা তাবে-তাবিঈ তাঁর পূর্ববর্তী রাবীর নামোল্লেখ না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কোন হাদীস বর্ণনা করাকে মুহাদ্দিসীনের পরিভাষায় 'ইরসাল' বলা হয়। আর এরূপ হাদীসকে 'মুরসাল' বলে।

আলোচ্য হাদীস ইমাম মালিক (রহ) স্বীয় কিতাব মুআত্তায় এরূপই বর্ণনা করেছেন। তিনি স্বয়ং তাবে-তাবিঈনের অন্তর্ভুক্ত। তিনি কোন সাহাবীকে পাননি। হ্যাঁ, তাবিঈনকে পেয়েছেন এবং তাঁদেরই মাধ্যমে তাঁর নিকট হাদীসসমূহ পৌঁছেছে। মধ্যবর্তী বর্ণনাকারীদের উল্লেখ না করে আলোচ্য হাদীস তিনি সরাসরি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তাঁরা তখনই এরূপ করেন, যখন তাঁদের নিকট হাদীসটি বর্ণনা হিসেবে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য বিবেচিত হয়। তবে হাদীসের অন্যান্য কিতাবে এ বিষয়ই প্রায় একই শব্দাবলিতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে পূর্ণ সনদে বর্ণনা করা হয়েছে। কানযুল উম্মালে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর বর্ণনায় বায়হাকির সুনানের বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ বাণী উদ্ধৃত করা হয়েছে-
يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا أَبَدًا كِتَاب اللَّهِ وَسُنَّة نَبِيِّه -
হে লোক সকল! আমি সেই (হিদায়াতের সামগ্রী) ছেড়ে যাব, এর সাথে যদি তোমরা সম্পৃক্ত থাক তবে কখনো গোমরাহ্ হবে না। তা হল-আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাত।১

বস্তুত হযরত আবূ হুরাইরা (রা)-এর বর্ণনায় হাকিমের মুস্তাদরাকের বরাতে এ বিষয়ক কানযুল উম্মালে প্রায় অনুরূপ শব্দাবলিতে বর্ণনা করা হয়েছে।২

১. কানযুল উম্মাল খণ্ড ১ম পৃষ্ঠা-১৮৭।

২. প্রাগুক্ত পৃষ্ঠা-১৭৩।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান