মা'আরিফুল হাদীস

কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২৪
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
উম্মতের মধ্যে সাধারণ ফাসাদ ও অনৈক্যের সময় সুন্নাত ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তরীকার সাথে সম্পৃক্ততা
২৪. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মতের ফাসাদের সময় যে আমার সুন্নাত ও তরীকা শক্ত ভাবে আঁকড়ে থাকবে, তাঁর জন্য রয়েছে শহীদের সাওয়াব। (তাবারানীর আওসাত)
کتاب الاعتصام بالکتاب والسنۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُتَمَسِّكُ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي لَهُ أَجْرُ شَهِيدٍ» (رواه الطبرانى فى الاوسط)

হাদীসের তাখরীজ (সূত্র):

মিশকাতুল মাসাবীহ্ কিতাবে হযরত আবূ হুরাইরা (রা)-এর বর্ণনায় এই শব্দাবলিতে হাদীসটি উদ্ধৃত করা হয়েছে مَنْ تَمْسَكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أجر مأة شهيد আর এর উৎসের জন্য হাদীসের কোন কিতাবের বরাতও দেওয়া হয়নি। স্পষ্টত তাবারানীর মু'জামে আওসাতের সেই বর্ণনাই অধিক নির্ভরযোগ্য বরাত, যা এখানে জামউল ফাওয়াইদ থেকে উদ্ধৃত করা হয়েছে। আর তাতে 'فَلَهُ أَجْز شهید' বলা হয়েছে।

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ্ ইবনে 'আমর (রা)-এর এক হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর প্রতিভাত করা হয়েছে যে, পূর্ববর্তী উম্মতদের ন্যায় তাঁর উম্মতে ফাসাদ এবং অনৈক্য আসবে। আর এমন যুগও আসবে যখন উম্মতের পথ ভ্রষ্টতা আর প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ অতি সাধারণ হয়ে যাবে। তখন তাদের অধিকাংশ তাঁর হিদায়াত ও তা'লিম ছেড়ে দেবে এবং তাঁর তরীকায় প্রতিষ্ঠিত থাকবে না। প্রকাশ থাকে, এরূপ মন্দ পরিবেশ ও এরূপ প্রতিকূল অবস্থায় তাঁর হিদায়াত, সুন্নাত ও শরী'আতের ওপর প্রতিষ্ঠিত থেকে জীবন-যাপন করা খুবই দৃঢ়তার কাজ হবে। আর এরূপ বান্দাদের বিরাট বাধার সম্মুখীন হতে হবে এবং বড় ত্যাগ স্বীকার করতে হবে। হযরত আবু হুরাইরা (রা)-এর আলোচ্য হাদীসে সুন্নাতের ওপর দৃঢ়চেতা ওইসব ব্যক্তিবর্গকে সুসংবাদ শোনানো হয়েছে যে, আখিরাতে আল্লাহর নিকট থেকে তাদেরকে আল্লাহর পথে শাহাদত বরণকারীদের মর্যাদা ও সাওয়াব দান করা হবে। এখানে এ কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, আমাদের পরিভাষায় 'سنة' শব্দ এক বিশেষ ও সীমাবদ্ধ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু হাদীসে 'سنة' দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তাঁর তরীকা ও তাঁর হিদায়াত। যার মধ্যে আকীদা, ফরয, ওয়াজিবসমূহও অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান