মা'আরিফুল হাদীস
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২৫
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
সুন্নাত জীবন্ত করা ও উম্মতের দীনী সংশোধনের প্রচেষ্টা করা
২৫. হযরত আলী মুরতাযা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার পর মৃত (বিলুপ্ত) হয়ে যাওয়া আমার কোন সুন্নাতকে জীবিত করে সে আমাকে ভালবাসে। আর যে আমাকে ভালবাসে সে আমার সাথী হবে। (জামি' তিরমিযী)
کتاب الاعتصام بالکتاب والسنۃ
عَنْ عَلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي. وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কোন হিদায়াত ও কোন সুন্নাতের ওপর যতক্ষণ পর্যন্ত আমল হতে থাকে এবং তা প্রচলিত থাকে ততক্ষণ তা জীবিত বলে ধরে নিতে হবে। আর যখন এর ওপর আমল করা বন্ধ হয়ে যায় এবং তা প্রচলিত থাকে না, তখন যেন এর জীবন শেষ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তার যে ভক্ত উম্মত উক্ত সুন্নাত ও হিদায়াতকে পুনরায় আমলে নিয়ে আসতে ও প্রচলন করতে চেষ্টা করে, আলোচ্য হাদীসে তার সম্বন্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সে আমাকে ভালবাসে এবং ভালবাসার দাবি পূরণ করেছে। আখিরাতে ও জান্নাতে সে আমার সঙ্গী ও প্রিয়ভাজন হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)