মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৩৭
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের তাকীদ আর এ কাজে ত্রুটির ওপর শক্ত হুঁশিয়ারী
৩৭. হযরত নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যারা আল্লাহর সীমা ও আহকামের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনকারী এবং যারা আল্লাহর সীমা অতিক্রমকারী (অর্থাৎ আকামের বিপরীত কাজ করে) তাদের দৃষ্টান্ত এমন এক দলের ন্যায় যারা পরস্পর লটারী করে এক নৌকায় আরোহন করেছে। তখন কিছু লোক নৌকার নিম্ন অংশে স্থান পেলো, আর কিছু লোক স্থান পেলো উপর অংশে। নিম্ন অংশের লোকেরা পানি নিয়ে উপর অংশের লোকদের নিকট দিয়ে যাতায়াত করছিল। এতে তারা কষ্ট অনুভব করল (আর এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করল) তখন নিচের অংশের লোকেরা কুঠার নিয়ে নৌকার নিচু অংশে ছিদ্র করতে লাগল, (যেন নিচু থেকে সমুদ্রের পানি লাভ করতে পারে, আর পানির জন্য উপরে যাতায়াত করতে না হয়) উপরের অংশের লোকজন সেখানে এসে জিজ্ঞাসা করল, তোমাদের কি হল? (এটা কি করছ?) তারা বলল, (আমাদের যাতায়াতে) তোমাদের কষ্ট হচ্ছে (আর তোমরা অসন্তুষ্টি প্রকাশ করছ) অথচ পানি তো (জীবনের) অপরিহার্য আবশ্যকীয়। আমরা সমুদ্র থেকে পানি লাভের জন্য এই ছিদ্র করছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তখন যদি এই নৌকারোহীরা সেই ব্যক্তিদের হাত ধরে (তাদের নৌকা ছিদ্র করতে না দেয়) তবে তাদেরকেও ধ্বংস থেকে বাঁচাবে এবং নিজেদেরকেও। আর যদি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয় (আর নৌকা ছিদ্র করতে দেয়) তবে তাদেরকেও মৃত্যু মুখে পতিত করবে এবং নিজেদেরও (সবাই পানিতে ডুবে যাবে।) (সহীহ বুখারী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنِ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَثَلُ الْمُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا، فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا مَا لَكَ قَالَ تَأَذَّيْتُمْ بِي، ولابد لِي مِنَ الْمَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে প্রয়োজনীয় ব্যাখ্যা তরজমার অধীনে করা হয়েছে। দৃষ্টান্তটি সাধারণের সহজবোধ্য। হাদীসের বার্তা-যখন কোন বস্তি অথবা কোন দলে আল্লাহর সীমারেখা লংঘিত হয়, আর তারা প্রকাশ্যে আহকামের পরিপন্থী কাজ করতে থাকে এবং সেই মন্দ কাজ হতে থাকে যা আল্লাহ্ তা'আলার ক্রোধ ও শাস্তিকে আহ্বান করে, তখন যদি তাদের ভাল ও উত্তম লোক সংশোধন ও হিদায়াতের চেষ্টা না করে তবে যখন আল্লাহর আযাব নাযিল হবে তখন তারাও তাতে জড়িয়ে যাবে। আর কারো ব্যক্তিগত নেকী ও পরহেযগারী তাকে বাঁচাবে না। কুরআন মজীদেও বলা হয়েছে
وَاتَّقُوۡا فِتۡنَۃً لَّا تُصِیۡبَنَّ الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡکُمۡ خَآصَّۃً ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
অর্থঃ এবং সেই বিপর্যয়কে ভয় কর, যা বিশেষভাবে তোমাদের মধ্যে যারা জুলুম করে কেবল তাদেরকেই আক্রান্ত করবে না। জেনে রেখ, আল্লাহর আযাব সুকঠিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান