মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৬
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
শাহাদতের গণ্ডির প্রশস্ততা

এরপর যে ভাবে 'জিহাদ'-এর অর্থে এই প্রশস্ততা রয়েছে এবং তা তলোয়ারের যুদ্ধের মধ্যেই সীমিত নয়, অনুরূপভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, 'শাহাদত'-এর গণ্ডিও প্রশস্ত। আর সেই সব বান্দাও আল্লাহর নিকট শহীদগণের অন্তর্ভুক্ত যারা তলোয়ারের জিহাদ ও হত্যার ময়দানে কাফির ও মুশকরিদের তলোয়ার কিংবা গুলীতে শহীদ হয়নি, বরং তাদের মৃত্যুর কারণ কোন আকস্মিক দুর্ঘটনা অথবা কোন অস্বাভাবিক রোগ।
৫৬. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (একদিন সাহাবা কিরামকে সম্বোধন করে) বললেন, তোমরা তোমাদের মধ্যে কাকে শহীদ গণনা কর? তাঁরা নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! (আমাদের নিকট তো) যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, এভাবে তো আমার উম্মতের শহীদগণ কম হবে। (শুন!) যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে সে শহীদ, আর যে ব্যক্তি আল্লাহর পথে ইন্তিকাল করেছে (অর্থাৎ জিহাদের অভিযানে যার মৃত্যু হয়েছে) সেও শহীদ, আর যে ব্যক্তি প্লেগে ইন্তিকাল করেছে সেও শহীদ। আর যে ব্যক্তি পেটের পীড়ায় ইন্তিকাল করেছে (যেমন কলেরা, আমাশয়, প্রবাহ, পিপাসা রোগ ইত্যাদি) সে-ও শহীদ। (সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا تَعُدُّونَ الشَّهِيدَ فِيكُمْ. قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ: إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ. مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الْبَطْنِ فَهُوَ شَهِيدٌ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিষয় হচ্ছে, প্রকৃত শহীদ তো সেই সব সৌভাগ্যবান বান্দা যাঁরা যুদ্ধের ময়দানে কাফির ও মুশরিকদের হাতে শহীদ হন। শরী'আতে তাঁদের জন্য বিশেষ নির্দেশ রয়েছে। যেমন, তাঁদের গোসল দেওয়া হয় না, আর তাঁদেরকে তাঁদের সেই কাপড়েই দাফন করা হয়, যে কাপড়ে তাঁরা শহীদ হয়েছিলেন। তবে আল্লাহ্ তা'আলার রহমতে কতক অস্বাভাবিক রোগ কিংবা আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু বরণকারীদেরকেও আখিরাতে শহীদের মর্যাদা প্রদানের ওয়াদা করা হয়েছে। যার মধ্যে কতকের উল্লেখ আলোচ্য হাদীসে, আর কতকের উল্লেখ সামনে লিপিবদ্ধাধীন হাদীসসমূহে করা হয়েছে। পাথক্য নির্ণয়ের জন্য প্রথম প্রকার শহীদগণকে 'প্রকৃত শহীদ' এবং দ্বিতীয় প্রকারকে 'নির্দেশমূলক শহীদ' বলা হয়'। গোসল ও কাফনের ব্যাপারে তাঁদের সেই নির্দেশ নেই যা প্রকৃত শহীদগণের রয়েছে। বরং সাধারণ মৃতদের ন্যায় তাদেরকে গোসলও প্রদান করা হবে এবং কাফনও।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান