কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৭. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২২৯৮
আন্তর্জাতিক নং: ২৩০৪
তালাক - ডিভোর্স অধ্যায়
১৮৯. ইদ্দত পালনকারী মহিলা ইদ্দতের সময় কি কি কাজ হতে বিরত থাকবে।
২২৯৮. যুহাইর ইবনে হারব .... নবী করীম (ﷺ) এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেছেনঃ যে স্ত্রীলোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রংিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিযাব ও সুরমা ব্যবহার না করে।
كتاب الطلاق
باب فِيمَا تَجْتَنِبُهُ الْمُعْتَدَّةُ فِي عِدَّتِهَا
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، حَدَّثَنِي بُدَيْلٌ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لاَ تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ وَلاَ الْمُمَشَّقَةَ وَلاَ الْحُلِيَّ وَلاَ تَخْتَضِبُ وَلاَ تَكْتَحِلُ " .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ-এর সময়ে যেসব নারী সৌন্দর্যের জন্য কাপড় রংগাতেন তাঁরা অধিকাংশই দু'টি জিনিস ব্যবহার করতেন- কুসুম অথবা বিশেষ ধরনের লাল গেরুয়া। এজন্য তিনি বিশেষভাবে এগুলোর উল্লেখ করেছেন। তা না হলে এ দু'জিনিসের কোন বিশেষত্ব নেই। উদ্দেশ্য হচ্ছে- এরূপ রঙিন ও লাল কাপড় ব্যবহার করা যাবে না যা সৌন্দর্যের ও সাজ-সজ্জার জন্য ব্যবহৃত হয়। এভাবে অলংকারাদি ও সুরমা, মেহদীর ন্যায় জিনিসও ব্যবহার করা হবে না, যা সাজ-গোজের জন্য ব্যবহার করা হয়। ইদ্দতের সময় শোক পালনের এই নির্দেশের উদ্দেশ্য এটাই যে, স্বামীর ইন্তিকালে স্ত্রীর যে দুঃখ, বেদনা হয়, অন্তর ও অভ্যন্তরীণ অবস্থার মাত্রই বাহ্যিক অর্থাৎ দেহ ও পোশাকেও শোক প্রকাশিত হবে, যা নারীত্বের স্বভাবগত দাবী। আর এতেই নিহিত রয়েছে নারীত্বের মর্যাদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)