কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৩. ওছিয়াতের অধ্যায়
হাদীস নং: ২৮৫৭
আন্তর্জাতিক নং: ২৮৬৭
ওছিয়াতের অধ্যায়
১০৬. ওসীয়ত দ্বারা উত্তরাধিকারীদের ক্ষতি করা অন্যায়।
২৮৫৭. আব্দা ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যদি কোন স্ত্রীলোক এবং কোন পুরুষ ষাট বছর পর্যন্ত আল্লাহর ইবাদাত করে, পরে যখন সে দু‘জনের মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তারা ওসীয়তের দ্বারা উত্তরাধিকারীদের ক্ষতি করে, এমতাবস্থায় তাদের উভয়ের জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যায়। রাবী (শাহর ইবনে হাওশাব) বলেনঃ এ সময় আবু হুরায়রা (রাযিঃ) নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন, (যার অর্থ হলো) ‘‘যে পরিমাণ মাল সাদ্কা করার জন্য ওসীয়ত করা হয়, তা আদায় করার পর এবং দেনা পরিশোধের পর, যা অন্যের জন্য ক্ষতিকর নয় .... হতে, এ হলো বিরাট সফলতা।
كتاب الوصايا
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْحُدَّانِيُّ، حَدَّثَنَا الأَشْعَثُ بْنُ جَابِرٍ، حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةَ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ " . قَالَ وَقَرَأَ عَلَىَّ أَبُو هُرَيْرَةَ مِنْ هَا هُنَا ( مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ ) حَتَّى بَلَغَ ( ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ) . قَالَ أَبُو دَاوُدَ هَذَا - يَعْنِي الأَشْعَثَ بْنَ جَابِرٍ - جَدُّ نَصْرِ بْنِ عَلِيٍّ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু দাঊদ (রাহঃ) বলেনঃ এই হাদীছের রাবী আশ‘আছ ইবনে জাবির (রাযিঃ) হলেন নসর ইবনে ‘আলী (রাযিঃ) এর দাদা।
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, কখনো এরূপ হয় যে, এক ব্যক্তির বৈধ উত্তরাধিকারী রয়েছে, যে আল্লাহর আইন মুতাবিক তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদের দাবিদার হবে, অথচ এ লোক কোন অসন্তুষ্টির কারণে তাকে বঞ্চিত করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করে, যাতে এই উত্তরাধিকারী বঞ্চিত হয়ে পড়ে, তবে এটা (আলোচ্য হাদীস অনুযায়ী) এত বিরাট গুনাহ ও যুলুম যে, এ কারণে ষাট বছরের আনুগত্য নষ্ট হয়ে যায়, এবং সে ব্যক্তি দোযখের শাস্তির যোগ্য হয়ে পড়ে। হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষ নিজের এক তৃতীয়াংশ সম্পদ পর্যন্ত ওসীয়ত করতে পারে। তবে নিয়ত বিশুদ্ধ হতে হবে। ওয়ারিস ও দাবিদারদের ক্ষতি করার উদ্দেশ্য ওসীয়ত করা সর্বাবস্থায় বিরাট গুনাহ ও অন্যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)