কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩১৪৭
আন্তর্জাতিক নং: ৩১৬১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
২১৮. মৃত ব্যক্তির গোসলদাতার গোসল সম্পর্কে।
৩১৪৭. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি কোন মৃতকে গোসল করায়, সে যেন নিজে গোসল করে। আর যে তা বহন করে, সে যেন উযু করে।
كتاب الجنائز
باب فِي الْغُسْلِ مِنْ غَسْلِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ، عَنْ عَمْرِو بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ غَسَّلَ الْمَيِّتَ فَلْيَغْتَسِلْ وَمَنْ حَمَلَهُ فَلْيَتَوَضَّأْ " .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে যে বিধান রয়েছে তা প্রাজ্ঞ আলিমদের মতে মুস্তাহাব। এজন্যই তাঁদের মতে মৃতকে গোসল দানকারীর উচিৎ মৃতকে গোসল দানের পর গোসল করে নেয়া। কারণ মৃতকে গোসল দানের সময় তার শরীরে ছিটেফোটা লেগে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্য একটি হাদীস ইমাম বায়হাকী (র) হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। উক্ত হাদীসে মৃতকে গোসল দানের পর গোসলদাতার গোসল ওয়াজিব নয় বলে উল্লেখ রয়েছে। এজন্য আলিমগণ মৃতকে গোসল দানের পর গোসল করাকে মুস্তাহাব বলেছেন। অনুরূপভাবে হাদীসের দ্বিতীয় অংশে জানাযা বহনকারীর জন্য ওযু করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও মুস্তাহাব পর্যায়ের হুকুম। আর এই নির্দেশের উদ্দেশ্য সম্ভবত এই যে, জানাযা বহনকারী ব্যক্তি যেন পূর্ব থেকেই ওযু করে জানাযার নামায পড়ার জন্য প্রস্তুত থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান