কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৩৫৬
আন্তর্জাতিক নং: ৩৩৮৯
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
৩২৫. কৃষি জমি বর্গা দেওয়া।
৩৩৫৬. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কৃষি জমি বর্গা দেয়াকে আমি খারাপ মনে করতাম না। এরপর আমি রাফি ইবনে খাদীজ (রাযিঃ)-কে এরূপ বলতে শুনি যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতে নিষেধ করেছেন। তখন আমি তাউসের নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতে নিষেধ করেন নি। তবে তিনি বলেছেনঃ যদি তোমাদের কেউ তার জমি কৃষির জন্য বর্গা দেয়, তবে তা ঐ ব্যবস্থার চাইতে উত্তম যে, কাউকে তা নিদিষ্ট টাকার বিনিময়ে দেবে।
كتاب البيوع
باب فِي الْمُزَارَعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ مَا كُنَّا نَرَى بِالْمُزَارَعَةِ بَأْسًا حَتَّى سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا . فَذَكَرْتُهُ لِطَاوُسٍ فَقَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهَا وَلَكِنْ قَالَ " لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَرْضَهُ خَيْرٌ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرَاجًا مَعْلُومًا " .
হাদীসের ব্যাখ্যা:
আমর ইবনে দীনারের এই বর্ণনায় জানা গেল যে, সাহাবা ও তাবিঈদের কালে কোন কোন লোকের ধারণা ছিল নিজের জমি জমাবন্দী দেওয়া সঠিক নয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর প্রসিদ্ধ শিষ্য সান্নিধ্য প্রাপ্ত তাউস (তাবিঈ) (র) হযরত ইবনে আব্বাস (রা)-এর ব্যাখ্যা উদ্ধৃত করেন যে, রাসূলুল্লাহ ﷺ এটা অবৈধ সাব্যস্ত করেননি, বরং চারিত্রিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলেন, কোন ভাইকে নির্ধারিত টাকায় জমি দেওয়ার চাইতে কোন বিনিময় ছাড়া কৃষি কাজের জন্য জমি দেওয়া উত্তম। তাউস হযরত ইবনে আব্বাসের এই ব্যাখ্যা ফতওয়ার আলোকে নিজের জমি জমাবন্দী দিতেন। আর সেই কৃষকদের কৃষি খরচানী ইত্যাদি বাবত অতিরিক্ত সাহায্য করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)