কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৩৯৯৫
আন্তর্জাতিক নং: ৪০৩৭
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
৫. রেশম ও পশমের কাপড় পরিধান সম্পর্কে।
৩৯৯৫. ইবরাহীম ইবনে খালিদ(রঃ) .... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন হারূরী গোত্রের লোকেরা (আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য) বের হয়, তখন আমি আলী (রাযিঃ) এর নিকট উপস্থিত হই। তিনি বলেনঃ তুমি এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাও। তখন আমি ইয়ামানের তৈরী উত্তম পোশাক পরে বের হই।

রাবী আবু যুমায়ল (রাহঃ) বলেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) সুন্দর ও সুশ্রী ব্যক্তি ছিলেন। ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ যখন আমি তাদের কাছে পৌছাই, তখন তারা বলেঃ হে ইবনে আব্বাস! তোমার জন্য মুবারকবাদ! তুমি এ কী পরেছ? তিনি বলেনঃ তোমরা এ পোশাক পরার জন্য আমাদের বিদ্রূপ করছ! আমি তো রাসূলুল্লাহ (ﷺ)কে এর চাইতে উত্তম পোশাকও পরিধান করতে দেখেছি।
كتاب اللباس
باب فِي لُبْسِ الصُّوفِ وَالشَّعْرِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ أَبُو ثَوْرٍ الْكَلْبِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ بْنِ الْقَاسِمِ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، قَالَ لَمَّا خَرَجَتِ الْحَرُورِيَّةُ أَتَيْتُ عَلِيًّا - رضى الله عنه - فَقَالَ ائْتِ هَؤُلاَءِ الْقَوْمَ . فَلَبِسْتُ أَحْسَنَ مَا يَكُونُ مِنْ حُلَلِ الْيَمَنِ - قَالَ أَبُو زُمَيْلٍ وَكَانَ ابْنُ عَبَّاسٍ رَجُلاً جَمِيلاً جَهِيرًا - قَالَ ابْنُ عَبَّاسٍ فَأَتَيْتُهُمْ فَقَالُوا مَرْحَبًا بِكَ يَا ابْنَ عَبَّاسٍ مَا هَذِهِ الْحُلَّةُ قَالَ مَا تَعِيبُونَ عَلَىَّ لَقَدْ رَأَيْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ مَا يَكُونُ مِنَ الْحُلَلِ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বক্তব্য থেকেও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কখনো উত্তম ও মূল্যবান পোশাকও পরিধান করেছেন। এজন্য ঐ খারেজীদের এ কথা মনে করা যে, উত্তম ও সুন্দর পোশাক ব্যবহার করা নবী করীম (ﷺ)-এর রীতি ও তাকওয়ার দাবীর পরিপন্থী, এটা তাদের মূর্খতার ফল। হ্যাঁ, পরিধানকারীর উদ্দেশ্য যদি গর্ব-অহংকার ও নিজের বড়লোকী প্রদর্শন হয়, তাহলে এটা মারাত্মক পর্যায়ের গুনাহ ও আল্লাহর ক্রোধের কারণ হবে, যেমন অন্য হাদীসসমূহ থেকে জানা যায়। কিন্তু যদি আল্লাহর নেয়ামতের প্রকাশ অথবা অন্য কোন দ্বীনি সুবিবেচনায় পরিধান করা হয়, তখন এটা কেবল জায়েযই নয়; বরং প্রতিদান ও সওয়াবের কারণ হবে। রাসূলুল্লাহ (ﷺ) যে উত্তম পোশাক পরিধান করেছেন, এটা আল্লাহর নেয়ামতের প্রকাশের জন্যও ছিল, যারা নিয়ে আসতেন, তাদের মন খুশী করার জন্যও ছিল এবং বৈধতা প্রমাণের জন্যও ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)