কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়

হাদীস নং: ৪৫৫৮
আন্তর্জাতিক নং: ৪৬২৯
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
৮. সাহাবীদের ফযীলত সস্পর্কে।
৪৫৫৮. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে হানাফীয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আমার পিতা আলী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর পরে লোকদের মধ্যে শ্রেষ্ঠ কে? তিনি বলেনঃ আবু বকর (রাযিঃ)। আমি আবার জিজ্ঞাসা করিঃ এরপর কে? তিনি বলেনঃ উমর (রাযিঃ)।

রাবী বলেনঃ আমার ভয় হয়, যদি আমি জিজ্ঞাসা করিঃ এরপর কে? আর তিনি বলেনঃ উছমান (রাযিঃ)। তাই আমি তাকে বলি হে আমার পিতা! এরপর কি আপনি শ্রেষ্ঠ? জবাবে তিনি বলেনঃ আমি তো মুসলমানদের মধ্যে একজন। (এটা তাঁর বিনয়ের প্রকাশ)।
كتاب السنة
باب فِي التَّفْضِيلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِي رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو يَعْلَى، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قُلْتُ لأَبِي أَىُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ . قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ . قَالَ ثُمَّ خَشِيتُ أَنْ أَقُولَ ثُمَّ مَنْ فَيَقُولَ عُثْمَانُ فَقُلْتُ ثُمَّ أَنْتَ يَا أَبَةِ قَالَ مَا أَنَا إِلاَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ .

হাদীসের ব্যাখ্যা:

মুহাম্মদ ইবনে হানাফিয়্যা হযরত আলী রাযি.-এর পুত্র। হযরত ফাতেমার গর্ভ থেকে নয়; বরং হযরত আলী রাযি.-এর হেরেমের হানাফিয়্যা নাম্নী মহিলার গর্ভজাত সন্তান। তার আসল নাম ছিল খাওলা। নিজের গোত্রের সম্পর্কের কারণে হানাফিয়্যা নামে পরিচিত। হযরত আবূ বকর রাযি.-এর যুগে নবুওয়াতের মিথ্যা দাবীদার মুসায়লামা কায্যাব ও তার অনুসারীদের সাথে যে জেহাদ ও লড়াই হয়, সেখানে বিজয়ের পর যেসব নারী-পুরুষ যুদ্ধ বন্দী হয়ে আসে, তাদের মধ্যে এ খাওলাও ছিলেন। রীতি অনুযায়ী তিনি হযরত আলী-এর হেরেমে দাখিল হয়ে যান। মুহাম্মদ ইবনে হানাফিয়্যা তারই তরফে হযরত আলী রাযি.-এর পুত্র। জ্ঞান গরিমা, তাকওয়া ও অন্যান্য গুণাবলীতে তিনি উঁচু স্তরের তাবেয়ী ছিলেন। তিনিই বর্ণনা করেন যে, আমার পিতা হযরত আলী রাযি.-এর নিকট জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর পর উম্মতের মধ্যে শ্রেষ্ঠতর ব্যক্তি কে? তিনি তখন প্রথম ক্রমিকে হযরত আবূ বকর রাযি. ও দ্বিতীয় ক্রমিকে হযরত উমরের নাম উচ্চারণ করলেন এবং নিজের ব্যাপারে বললেন যে, আমি মুসলমানদের একজন ছাড়া অন্য কিছু নই। এ কথা স্পষ্ট যে, হযরত আলী রাযি. এটা বিনয় ও নিজেকে ছোট করে প্রকাশ করার জন্য বলেছেন। অন্যথায়, উম্মতের মধ্যে সেসময় সবার চেয়ে শ্রেষ্ঠ হযরত আলীই ছিলেন। হযরত উসমান তো এর আগেই শহীদ হয়ে গিয়েছিলেন। এ রিওয়ায়াতটি তো মুহাম্মদ ইবনে হানাফিয়্যার। মুহাদ্দিসদের নিকট হযরত আলী রাযি. থেকে একটি রিওয়ায়াত মুতাওয়াতির হিসাবে প্রমাণিত রয়েছে, যেখানে তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর পর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ও উঁচু মর্যাদার অধিকারী হচ্ছেন, হযরত আবু বকর রাযি. ও হযরত উমর রাযি.। যে ব্যক্তি আমাকে এ দু'জনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবে, আমি তার উপর হদ (ইসলামী দণ্ডবিধি) জারী করব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)