কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৬৯৯
আন্তর্জাতিক নং: ৪৭৭৪
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১. সহিষ্ণুতা ও নবী (ﷺ)-এর পূত-চরিত্র সম্পর্কে।
৪৬৯৯. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মদীনাতে দশ বছর যাবত রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমত করি। এ সময় আমি বালক ছিলাম এবং আমার সব কাজ তাঁর ইচ্ছা মাফিক হতো না। কিন্তু তিনি কোন দিন আমার উপর বিরক্ত হয়ে উহ বলেন নি এবং এরূপও কোন দিন বলেন নিঃ তুমি একাজ কেন করলে বা তুমি একাজ কেন করনি?
كتاب الأدب
باب فِي الْحِلْمِ وَأَخْلاَقِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ - عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ بِالْمَدِينَةِ وَأَنَا غُلاَمٌ لَيْسَ كُلُّ أَمْرِي كَمَا يَشْتَهِي صَاحِبِي أَنْ أَكُونَ عَلَيْهِ مَا قَالَ لِي فِيهَا أُفٍّ قَطُّ وَمَا قَالَ لِي لِمَ فَعَلْتَ هَذَا أَوْ أَلاَ فَعَلْتَ هَذَا .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ যখন হিজরত করে মদীনা শরীফ আগমন করলেন, তখন হযরত আনাসের বয়স দশ বছরের কাছাকাছি ছিল। তাঁর মা উম্মে সুলাইম তাঁকে রাসূলুল্লাহ ﷺ এর সার্বক্ষণিক খেদমতের জন্য দিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ ﷺ এর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ খেদমতে ছিলেন। তাঁরই এ বর্ণনা যে, বয়স কম হওয়ার দরুন হুযুর ﷺ এর খেদমতে আমার পক্ষ থেকে অনেক ত্রুটি হয়ে যেত। কিন্তু আমার কোন ভুল অথবা ত্রুটির উপর তিনি কখনো "উহ” শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি এবং আমার উপর রাগ করেননি। নিঃসন্দেহে এটা খুবই কঠিন এক বিষয়; কিন্তু আমাদের জন্য রাসূলুল্লাহ ﷺ এর উত্তম জীবনাদর্শ এটাই। আল্লাহ্ তা'আলা তাঁর প্রিয় হাবীবের এ নম্রতা ও সহনশীলতার কিছু অংশ আমাদেরকেও দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)