কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৩৮
আন্তর্জাতিক নং: ৪৯১৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৫৫. নসীহত বা সদুপদেশ সম্পর্কে।
৪৮৩৮. রাবী ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মু’মিন-অন্য মুমিনের জন্য দর্পণ-স্বরূপ এবং এক মু’মিন-অপর মু’মিনের জন্য ভাই-স্বরূপ। কাজেই এক মুসলমানের উচিত, অপর মুসলমানের ক্ষতি হতে রক্ষা করা এবং তার অনুপস্থিতে সে ব্যক্তির জান-মাল রক্ষা করা।
كتاب الأدب
باب فِي النَّصِيحَةِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ " .

হাদীসের ব্যাখ্যা:

আয়নার কাজ এই যে, এটা দর্শককে তার চেহারার প্রতিটি দাগ ও কলঙ্ক এবং প্রত্যেকটি দৃষ্টিকটু চিহ্ন দেখিয়ে দেয় এবং কেবল তাকেই দেখায়, অন্যদেরকে নয়। এক মু'মিন অন্য মু'মিনের আয়না হওয়ার মর্মও এটাই যে, সে অন্য ভাইয়ের মধ্যে যে অসমীচীন ও সংশোধনযোগ্য বিষয় দেখবে, সে আন্তরিকতা ও কল্যাণকামিতার সাথে তাকে এটা অবহিত করে দিবে এবং অন্যদের মাঝে এটা প্রচার করবে না।

সামনে বলা হয়েছে যে, প্রতিটি মুসলমান অন্য মুসলমানের ভাই। এ ভ্রাতৃত্ব সম্পর্কের কারণে তার উপর এ দায়িত্ব বর্তায় যে, যদি তার উপর কোন বিপদ ও বিপর্যয় আসতে দেখে, তাহলে সে নিজ শক্তি অনুযায়ী এটাকে প্রতিহত করবে এবং এর আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করবে। আর যেভাবে নিজের কোন প্রিয় জিনিসের চতুর্দিক থেকে রক্ষণাবেক্ষণ ও হেফাযত করা হয়, ঠিক তেমনিভাবে নিজের ঈমানী ও দ্বীনি ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং তার পাহারাদারী করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান