কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৪. জুমআ'র অধ্যায়
হাদীস নং: ১৪২৮
আন্তর্জাতিক নং: ১৪২৮
জুমআ'র অধ্যায়
জুমআর পরে ইমামের নামায আদায় করা
১৪৩১। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সালিমের পিতা (ইবনে উমর) (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমআর পরে তার ঘরে দু’রাকআত নামায আদায় করতেন।
كتاب الجمعة
صلاة الإمام بعد الجمعة
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস গ্রন্থসমূহে জুমু'আর ফরযের পর যে সব সুন্নাত সালাতের বিবরণ এসেছে তার মধ্যে দুই রাক'আত, চার রাক'আত ও ছয় রাক'আতের বর্ণনা রয়েছে। ইমাম তিরমিযী (র) স্বয়ং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) সম্পর্কে বর্ণনা করেছেন যে, তিনি জুমু'আর ফরয সালাতের পর দুই রাক'আত, চার রাক'আত আবার কখনো ছয় রাক'আত সালাত আদায় করতেন। তাই বিশেষজ্ঞ আলিমগণ প্রনিধানযোগ্য বিষয় নিরূপণের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোন কোন মনীষী দুই রাক'আতকে, কোন কোন মনীষী চার রাকা'আতকে আবার কেউ কেউ ছয় রাক'আতকে অগ্রাধিকার দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)