কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৫. জিহাদ-শাহাদাতের অধ্যায়

হাদীস নং: ৩০৯৮
আন্তর্জাতিক নং: ৩০৯৮
জিহাদ-শাহাদাতের অধ্যায়
৩. যুদ্ধে শরীক না হওয়ার ব্যাপারে অনুমতি
৩১০২. আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে ওয়াযীর ইবনে সুলায়মান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সে সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, যদি মুমিনদের মধ্য হতে এমন কিছু সংখ্যক লোক না থাকতো-যাদের মন চায় না আমার সঙ্গে যুদ্ধে শরীক হওয়া থেকে বিরত থাকুক, অথচ আমি তাদেরকে সওয়ারী দেওয়ার মত কিছু পাই না; তাহলে আমি এমন কোন যুদ্ধ হতে বিরত থাকতাম না, যা আল্লাহর রাস্তায় সংঘটিত হয়। যার হাতে আমার প্রাণ, তার শপথ! আমার ইচ্ছা হয়, আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়; আবার শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়, আবার শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়, আবার শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়, আবার শহীদ হই।
كتاب الجهاد
الرُّخْصَةُ فِي التَّخَلُّفِ عَنْ السَّرِيَّةِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ الْوَزِيرِ بْنِ سُلَيْمَانَ عَنْ ابْنِ عُفَيْرٍ عَنْ اللَّيْثِ عَنْ ابْنِ مُسَافِرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلَا أَنَّ رِجَالًا مِنْ الْمُؤْمِنِينَ لَا تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي وَلَا أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের উদ্দেশ্য ও দাবি আল্লাহর পথে জিহাদ ও শাহাদতের মর্যাদা এবং ভালবাসা বর্ণনা করা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর মোটকথা, আমার অন্তরের দাবি ও উত্তাপ হচ্ছে, আল্লাহর পথে জিহাদের জন্য যাত্রাকারী প্রত্যেক সেনা দলের সাথে আমি যাব। আর প্রত্যেকটি জিহাদী অভিযানে আমার অংশগ্রহণ হবে। কিন্তু অপরাগতা এরূপ বাধা হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের মধ্যে এরূপ প্রাণ উৎসর্গকারী রয়েছে, যারা এতে সম্মত হতে পারে না যে, আমি যাব আর তারা আমার সাথে যাবে না। পক্ষান্তরে আমার নিকটও তাদের সবার জন্য যান বাহনের ব্যবস্থা নেই। তাই তাদের জন্য আমি নিজের উত্তাপকে প্রশমিত রাখি অন্তরের চূড়ান্ত আগ্রহ সত্ত্বেও প্রতিটি জিহাদের অভিযানে আমি যাই না।

এ ধারাবাহিকতায় তিনি নিজের আন্তরিক দাবি ও উত্তাপের বহিঃপ্রকাশ হিসাবে শপথসহ বলেন, আমার ঐকান্তিক বাসনা এই যে, দীনের শত্রুদের হাতে জিহাদের মাঠে আমি শহীদ হই। এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবিত করবেন, তারপর আমি তাঁর পথে এভাবে শহীদ হই, এরপর আল্লাহ্ তা'আলা আমাকে জীবন দান করবেন, তারপর এভাবে শহীদ হই। পুনরায় আমি জীবিত হই, এরপর আমি শহীদ হয়ে যাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)