কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৫১. বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
হাদীস নং: ৫৭০৯
আন্তর্জাতিক নং: ৫৭০৯
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
মদ্যপায়ীর লাঞ্ছনা ও কঠিন শাস্তি
৫৭০৯. কুতায়বা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, ইয়ামানের জায়শান গােত্রের এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট মিযর নামক এক প্রকার পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, যা তারা তাদের দেশে পান করে থাকে এবং যা ভুট্টা হতে প্রস্তুত হয়। তিনি বললেনঃ তা কি মাদকতা সৃষ্টি করে? সে ব্যক্তি বললোঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। আল্লাহ্ তাআলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করে, তাকে ‘তীনাতুল খাবাল’ থেকে পান করাবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তীনাতুল খাবাল কি? তিনি বললেনঃ তা হলো দোযখীদের ঘাম অথবা পুঁজ।
كتاب الأشربة
ذِكْرُ مَا أَعَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ لِشَارِبِ الْمُسْكِرِ مِنْ الذُّلِّ وَالْهَوَانِ وَأَلِيمِ الْعَذَابِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا مِنْ جَيْشَانَ وَجَيْشَانُ مِنْ الْيَمَنِ قَدِمَ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنْ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمُسْكِرٌ هُوَ قَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ عَهِدَ لِمَنْ شَرِبَ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ قَالَ عُصَارَةُ أَهْلِ النَّارِ
হাদীসের ব্যাখ্যা:
এখানে রাবীর সন্দেহ রয়েছে যে, 'তীনাতুল খাবাল' এর ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عرق اهل النار বলেছিলেন, না عصارة أهل النار বলেছিলেন। প্রথমটির তরজমা হচ্ছে জাহান্নামীদের দেহ নির্গত ঘাম, আর দ্বিতীয়টির তরজমা হচ্ছে তাদের শরীরের রক্ত-পূজ। বস্তুত মদ হারাম হয়ে যাওয়ার পর এটা পান করা এত বড় অপরাধ যে, এ হাদীসের বক্তব্য অনুযায়ী আল্লাহ্ তা'আলা এ সিদ্ধান্ত করে নিয়েছেন যে, যে ব্যক্তি দুনিয়াতে মদের সাথে সম্পর্ক ও এর প্রতি আসক্তি রাখবে এবং বিনা তওবায় দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ্ তা'আলা তার এ মদ্যপানের শাস্তিস্বরূপ তাকে طينة الخبال তীনাতুল খাবাল অবশ্যই পান করাবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)