কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)

হাদীস নং: ১৫৪
আন্তর্জাতিক নং: ১৫৪
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
খাব্বাব (রাযিঃ)-এর ফযীলত
১৫৪। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা বেশী রহমদিল আবু বকর (রাযিঃ)। আল্লাহর দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর 'উমর (রাযিঃ)। তাঁদের মাঝে সর্বাপেক্ষা অধিক লজ্জাশীল 'উসমান (রাযিঃ), সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক 'আলী ইবন আবু তালিব (রাযিঃ), আল্লাহর কিতাবের সর্বোত্তম তিলাওয়াতকারী উবাই ইবন কা'ব (রাযিঃ) হালাল-হারাম সম্পর্কে অধিক জ্ঞাত মু'আয ইবন জাবাল (রাযিঃ) এবং ফারায়েয (দায়ভাগ) সম্পর্কিত বিষয়ে অধিক জ্ঞানী যায়দ ইবন সাবিত (রাযিঃ)। জেনে রাখ! প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে। আর এ উম্মতের আমানতদার হলো আবু উবায়দা ইবন জাররাহ (রাযিঃ)।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضَائِلِ خَبَاب رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي دِينِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْضَاهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীসে খলীফা চতুষ্টয়ের মধ্য থেকে প্রত্যেকের ঐ গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার মধ্যে উম্মতের সকলের উপর তাঁর প্রাধান্য অর্জিত রয়েছে। হযরত আবু বকর রাযি. দয়া ও কোমলতায় সমগ্র উম্মতের মধ্যে অগ্রগামী। তেমনিভাবে আল্লাহর বিধান ও অধিকার সমূহের ব্যাপারে কঠোরতা প্রদর্শনে হযরত উমর রাযি. অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তদ্রূপভাবে লজ্জাগুণে যাকে হাদীসে ঈমানের বিশেষ শাখা বলা হয়েছে, এ ঈমানী বৈশিষ্ট্য বিবেচনায় উম্মতের মধ্যে হযরত উসমান রাযি. অগ্রগামী। আর বিচার ও ঝগড়া-বিবাদের সঠিক ও ন্যায়ানুগ ফায়সালা করার যোগ্যতা যা আল্লাহ্ তা'আলার বিশেষ নেয়ামত ও খেলাফতে নবুওয়াতের বিশেষ দাবী, এতে হযরত আলী রাযি.-এর সমগ্র উম্মতের উপর অগ্রগামিতা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান