কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)

হাদীস নং: ২১৮
আন্তর্জাতিক নং: ২১৮
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
কুরআন শিক্ষা করা এবং তা শিক্ষা দেওয়ার ফযীলত
২১৮। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান উসমানী (রাহঃ) ........ আমির ইবন ওয়াসিলা আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাফে' ইবন 'আব্দুল হারিস (রাযিঃ) 'উসফান নামক স্থানে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর সাথে মিলিত হন। 'উমর (রাযিঃ) তাঁকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ গ্রামবাসী বেদুঈনদের জন্য তুমি কাকে স্থলাভিষিক্ত করেছ? তিনি বলেনঃ আমি তাদের উপর ইবন আবযা (রাযিঃ)-কে স্থলাভিষিক্ত করেছি। 'উমর (রাযিঃ) বললেনঃ ইবন আবযা কে? তিনি বললেনঃ সে আমাদের একজন মুক্ত গোলাম। 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি লোকদের উপর গোলামকে ভারপ্রাপ্ত বানিয়েছ? তিনি বললেনঃ সে তো মহান আল্লাহর কিতাব তিলাওয়াতকারী, ইল্‌মে ফারায়েয সম্পর্কে অভিজ্ঞ 'আলিম এবং কাযী। 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি কি জান না যে, তোমাদের নবী (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ এ কিতাবের মাধ্যমে কতক গোত্রকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন আর কতককে এরদ্বারা অবনমিত করবেন?
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب فَضْلِ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ، لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ - وَكَانَ عُمَرُ اسْتَعْمَلَهُ عَلَى مَكَّةَ - فَقَالَ عُمَرُ مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي قَالَ اسْتَخْلَفْتُ عَلَيْهِمُ ابْنَ أَبْزَى ‏.‏ قَالَ وَمَنِ ابْنُ أَبْزَى قَالَ رَجُلٌ مِنْ مَوَالِينَا ‏.‏ قَالَ عُمَرُ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى عَالِمٌ بِالْفَرَائِضِ قَاضٍ ‏.‏ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদ আল্লাহ্ তা'আলার শাশ্বত গুণ, বান্দাদের জন্য তাঁর আদেশনামা ও অঙ্গীকারপত্র। এর অনুসরণ ও প্রতিজ্ঞা রক্ষা আল্লাহ্ তা'আলারই আনুগত্য ও প্রতিজ্ঞারক্ষা। পক্ষান্তরে এ থেকে বিচ্যুতি ও বিদ্রোহ আল্লাহ্ তা'আলা থেকে বিমুখ হওয়া ও অবাধ্যতার নামান্তর। আর আল্লাহ্ তা'আলার ফায়সালা এই যে, যে উম্মত ও যে সম্প্রদায় চাই সে যে কোন বংশের, যে কোন বর্ণের অথবা যে কোন ভাষাভাষী হোক- কুরআন মজীদকে নিজের পথের দিশারী বানিয়ে নিজেকে এর অনুসারী করে নিবে এবং এর সাথে এমন সম্পর্ক রাখবে, যা আল্লাহর কালাম হিসাবে তার দাবী, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদার আসনে সমাসীন করবেন। এর বিপরীত যে সম্প্রদায় ও উম্মত এ থেকে মুখ ফিরিয়ে নিবে, সে যদি উন্নতির চরম শিখরেও থাকে, তাহলেও তাকে নীচে ফেলে দেওয়া হবে।

ইসলাম ও মুসলমানদের পুরা ইতিহাস এ হাদীসের সত্যতার সাক্ষী এবং আল্লাহ্ তা'আলার এ ফায়সালা ও বিধানের জ্বলন্ত প্রমাণ। এ হাদীসে اقواما শব্দ দ্বারা এ ইঙ্গিতও পাওয়া যায় যে, উত্থান ও পতনের এ অমোঘ বিধানের সম্পর্ক ব্যক্তির সাথে নয়; বরং উম্মত ও জাতির সাথে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)