কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২২৭৮
আন্তর্জাতিক নং: ২২৭৮
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
সূদ সম্পর্কে কঠোরতা
২২৭৮। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অচিরেই মানুষের ওপর এমন এক সময় আসবে, যখন তাদের মাঝে সূদ খাওয়া ব্যতিরেকে কেউ অবশিষ্ট থাকবে না। আর যে সূদ খাবে না, সূদের মলিনতা তাকেও স্পর্শ করবে।
أبواب التجارات
بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنْهُمْ أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْ أَصَابَهُ مِنْ غُبَارِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
এ বাণী দ্বারা রাসূলুল্লাহ ﷺ-এর উদ্দেশ্য কেবল ভবিষ্যদ্বাণী করাই নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতকে এ বিষয়ে সতর্ক করা যে, এমন এক সময় আসছে যখন সুদের মহামারী সাধারণ হয়ে যাবে এবং এ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হবে। সুতরাং প্রত্যেক মুমিন ও মুত্তাকী ব্যক্তির জন্য এ ব্যাপারে সতর্ক থাকা চাই এবং নিজেকে এ অভিশাপ থেকে মুক্ত রাখার চিন্তা ও চেষ্টা করতে থাকবে। নিঃসন্দেহে আমাদের এ যুগই সেই যুগ, আল্লাহ তা'আলার যেসব বান্দা সুদকে অভিশাপ মনে করে আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তা থেকে বেঁচে থাকে তারা তাদের খাদ্য দ্রব্য কিম্বা পরার কাপড় সেসব ব্যবসায়ী থেকে ক্রয় করে তাদের ব্যবসার সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সুদী শৃঙ্খলে অবশ্যই আবদ্ধ। বর্তমানে কোন ব্যবসায়ীর লেন-দেনে এ থেকে বেঁচে থাকা এমনই কঠিন যেমন কঠিন বনের কোন গাছ বাতাস থেকে বেঁচে থাকা। (আল্লাহ আমাদেরকে হিফাযত করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)