কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৬০৭
আন্তর্জাতিক নং: ৩৬০৭
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরিধান
৩৬০৭। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইব্ন আবু শাওয়ারিব (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরবে কিয়ামতের দিন আল্লাহ তাকে অসম্মানের পোশাক পরাবেন, অতঃপর তাতে আগুন ধরিয়ে দিবেন।
كتاب اللباس
بَاب مَنْ لَبِسَ شُهْرَةً مِنْ الثِّيَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنِ الْمُهَاجِرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ أَلْهَبَ فِيهِ نَارًا " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে উল্লেখিত ثوب شهرة দ্বারা ঐ পোশাক উদ্দেশ্য, যা নিজের শান-শওকত প্রদর্শনের জন্য এবং মানুষের দৃষ্টিতে বড় হওয়ার জন্য পরিধান করা হয়। একথা স্পষ্ট যে, এর মধ্যে ঐসব লোকও অন্তর্ভুক্ত, যারা মানুষের দৃষ্টিতে বিরাট আলেম অথবা বড় বুযুর্গে পরিণত হওয়ার জন্য এ ধরনের বিশেষ বুযুর্গীর পোশাক পরিধান করে কিংবা নিজের ফকীরী ও দরবেশী প্রদর্শনের জন্য এমন কাপড় পরে, যদ্দ্বারা মানুষ তাদেরকে কামেল ফকীর ও দরবেশ মনে করে। একথাও সুস্পষ্ট যে, এর সম্পর্ক মানুষের অন্তর ও নিয়্যতের সাথে। একই পোশাক যদি মানুষকে দেখানোর জন্য এবং নিজের বড়ত্ব প্রকাশের জন্য পরিধান করা হয়, তাহলে গুনাহ এবং এ হাদীসের প্রয়োগস্থল হবে। আর ঐ পোশাকই যদি ঐ নিয়্যত ছাড়া পরিধান করা হয়, তাহলে জায়েয এবং কোন কোন অবস্থায় সওয়াবের কারণ হবে। আর যেহেতু আমাদের কারো নিয়্যত ও অন্তরের অবস্থা জানা নাই, এজন্য আমাদের জন্য এটা জায়েয হবে না যে, কারো পোশাককে প্রদর্শনী ও লোকদেখানোর পোশাক বলে এর উপর আপত্তি তুলব। হ্যাঁ, নিজের অন্তর, নিজের নিয়্যত ও নিজের পোশাকের হিসাব নিতে থাকব। এটাই এ হাদীসের শিক্ষা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)