কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৯৮
আন্তর্জাতিক নং: ৩৭৯৮
আদব - শিষ্টাচারের অধ্যায়
’’লা ইলাহা ইল্লাল্লাহ ’’ এর ফযীলাত
৩৭৯৮। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দিনে একশ' বার لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ বলে (আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই জন্য এবং প্রশংসা তাঁরই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।) তাহলে, দশটি গোলাম আযাদ করার সমতুল্য সাওয়াব তার জন্য লেখা হবে, একশটি নেক আমল তার জন্য লেখা হবে এবং তার (আমলনামা) থেকে একশটি বদ আমল মুছে দেওয়া হবে এবং এশব্দগুলি রাত পর্যন্ত সারাদিন তার জন্য শয়তান থেকে অন্তরায় হয়ে থাকবে এবং তাকে যা দান করা হলো, তার চেয়ে উত্তম কিছু নিয়ে কেউ হাযির হতে পারবে না। তবে যে এ কালেমা তার চেয়ে অধিক পড়বে।
كتاب الأدب
بَاب فَضْلِ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، أَخْبَرَنِي سُمَىٌّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ قَالَ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكُنَّ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ سَائِرَ يَوْمِهِ إِلَى اللَّيْلِ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا أَتَى بِهِ إِلاَّ مَنْ قَالَ أَكْثَرَ " .
হাদীসের ব্যাখ্যা:
নিঃসন্দেহে কালিমায়ে তাওহীদ-যাতে কলিমায়ে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর সাথে এমন কিছু শব্দের সংযোজন আছে যদ্বারা তার ইতিবাচক ও নেতিবাচক বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে যায়- তা এতই মাহাত্ম্যপূর্ণ ও বরকতময়, যা এ হাদীসখানাতে উক্ত হয়েছে। মৃত্যুর পর ইনশাআল্লাহ তা আমরা সকলেই প্রত্যক্ষ করবো। যে সমস্ত হাদীসে কোন কালিমার এতবড় বড় ছওয়াবের কথা আছে, সেগুলো নিয়ে কারো কারো মনে সংশয়-সন্দেহের উদ্রেক হয়ে থাকে। অথচ তারা নিজেরাই হয়তো লক্ষ্য করে থাকবেন বা তাদের অভিজ্ঞতায় তা থাকতে পারে যে, অমঙ্গল ও ফ্যাসাদের এক একটি উক্তি অনেক সময় এমনি আগুন লাগিয়ে দেয় এবং তার অশুভপ্রভাব বছরের পর বছর ধরে কত পরিবার ও কত সম্প্রদায়ের জীবনকে দুর্বিষহ করে রাখে। অনুরূপভাবে কোন কোন সদিচ্ছা নিয়ে বলা কোন কোন সদুক্তি ফ্যাসাদের লেলিহান অগ্নিশিখা নির্বাপণে ঠাণ্ডা পানির মত কাজ করে থাকে। ফলে অশান্তি ও তিক্ততায়পূর্ণ বিষাদময় জীবনকে শান্তি ও স্বাচ্ছন্দ্যে পূর্ণ করে দেয়। এ দুনিয়ায় মানুষের মুখ নিঃসৃত আয় এর সুদূর প্রসার প্রভাব সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করলে পারলৌকিক ক্ষেত্রে তার চাইতে সুদূর প্রসারী ফলদায়ক বাণীর প্রভাব উপলব্ধি করা আর তেমন কঠিন থাকে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)