কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৬৬
আন্তর্জাতিক নং: ৩৮৬৬
দুআর অধ্যায়
দু'আতে দু'হাত তোলা
৩৮৬৬। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ) ........ ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছনঃ: যখন তুমি আল্লাহর কাছে দু'আ করবে, তখন দুই হাতের তালু দিয়ে দু'আ করবে, দুই হাতের পিঠ দিয়ে দু'আ করবে না। আর যখন তুমি দু'আ থেকে ফারেগ হবে, তখন দু'হাতের তালু দিয়ে মুখ মন্ডল মুছে নিবে।
كتاب الدعاء
بَاب رَفْعِ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، عَنْ صَالِحِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا دَعَوْتَ اللَّهَ فَادْعُ بِبُطُونِ كَفَّيْكَ وَلاَ تَدْعُ بِظُهُورِهِمَا فَإِذَا فَرَغْتَ فَامْسَحْ بِهِمَا وَجْهَكَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য হাদীসে আছে যে, যখন রাসূলুল্লাহ ﷺ কোন আগত বা আসন্ন সঙ্কট বা বালা-মুসীবত ঠেকানোর উদ্দেশ্যে আল্লাহ তা'আলার দরবারে দু'আ করতেন তখন হস্থদ্বয়ের পিছন দিক আসমানের দিকে থাকতো, আর যখন দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণের দু'আ করতেন তখন তিনি সিধা হাতে দু'আ করতেন যেমনটি কোন যাচ্ঞাকারীর হাত বাড়িয়ে দিয়ে দু'আ করা চাই। এর আলোকে হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) এর ঐ হাদীসের মর্মও এই যে, যখন আল্লাহর কাছে নিজের কোন কাঙ্খিত মঙ্গল প্রার্থনা করে দু'আ করা হবে, তখন তাঁর সম্মুখে ভিখারীর মত হাত পেতে সিধা হাতে দু'আ করতে হবে এবং সর্বশেষে সেই পাতা হাত দুটো নিজের মুখমণ্ডলে এ ধারণা বা কল্পনা করে মুছে নেবে যে, এ হাতগুলো আর শূন্য নেই। দয়াল প্রভু পরোয়ার দিগারের রহমত ও বরকতের কিছু না কিছু অবশ্যই এ হাতগুলোতে পড়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)