আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১০১৮
আন্তর্জাতিক নং: ১০১৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১০১৮. আবু কুরায়ব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর ওফাতের পর তাঁর দাফন সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। তখন আবু বকর (রাযিঃ) বললেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু শুনেছি যা আমি ভুলি নাই। তা হলো, তিনি বলেছেন, যে স্থানে আল্লাহ তাআলা তাঁর নবীর দাফন হওয়া পছন্দ করেন সেই স্থানেই তাঁর রূহ কবয করেন। পরে সাহাবীগণ নবী (ﷺ) কে তাঁর শয্যাস্থানে দাফন করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। রাবী আব্দুর রহমান ইবনে আবী বকর আল-মুলায়কী স্মরণ শক্তির দিক থেকে যঈফ। হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে, এটিকে ইবনে আব্বাস (রাযিঃ) ও আবু বকর (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اخْتَلَفُوا فِي دَفْنِهِ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا مَا نَسِيتُهُ قَالَ " مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَّ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ " . ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ الْمُلَيْكِيُّ يُضَعَّفُ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ فَرَوَاهُ ابْنُ عَبَّاسٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এটাই যে, হুযুর (ﷺ)-এর ওফাতের পর এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিল যে, তাঁকে কোথায় দাফন করা হবে। হাদীস ব্যাখ্যাতাগণ উল্লেখ করেছেন যে, কারো কারো মত ছিল যে, তাঁকে সম্মানিত নগরী মক্কায় নিয়ে দাফন করা হোক, কারো কারো অভিমত ছিল যে, মদীনাতেই জান্নাতুল বাকীতে দাফন করা হোক। এ সময় হযরত আবূ বকর সিদ্দীক রাযি. বললেন, এ ব্যাপারে আমি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি কথা শুনেছি। তিনি বলতেন যে, নবী-রাসূলদের সাথে আল্লাহ তা'আলার আচরণ এই চলে আসছে যে, তাঁদের মৃত্যু ঠিক ঐ স্থানে হয়, যেখানে তাঁর দাফন হওয়া ঐ পয়গাম্বর অথবা স্বয়ং আল্লাহ্ তা'আলার পছন্দ হয়। তাই হুযুর (ﷺ)-কে তাঁর ঐ বিছানার জায়গায় দাফন করা হোক, যার উপর তিনি ইন্তিকাল করেছেন। বস্তুতঃ এ অনুযায়ীই কাজ করা হল এবং হুযুর (ﷺ)-কে হযরত আয়েশা রাযি.-এর হুজরায় ঐ স্থানেই দাফন করা হল, যেখানে বিছানায় তিনি আরাম করতেন এবং যেখানে তিনি ওফাত পেয়েছেন। কতইনা ভাগ্যবান ঐ ভূখণ্ড, যা সাইয়্যেদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, মাহবুবু রাব্বিল আলামীনকে কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য নিজের বক্ষে ধারণ করে নিয়েছে। صلى الله عليه وبارك وسلم دائمًا أبدًا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)