আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ১৩৩৬
আন্তর্জাতিক নং: ১৩৩৬
শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
বিচার ক্ষেত্রে ঘুষখোর এবং ঘুষদাতা।
১৩৪০. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিচার ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (ﷺ) লা‘নত করেছেন। - ইবনে মাজাহ ২৩১৩,

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে হাদীদা ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে। আবু সালামা - তার পিতা আব্দুর রহমান সূত্রে নবী (ﷺ) থেকেও এটি বর্ণিত আছে। তবে এটি সহীহ নয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে বলতে শুনেছি যে, আবু সালামা - আব্দুল্লাহ ইবনে আমর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক সহীহ।
كتاب الأحكام عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَابْنِ حَدِيدَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ يَصِحُّ . قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ حَدِيثُ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ .

হাদীসের ব্যাখ্যা:

কোন গুনাহগারের জন্য আল্লাহর আযাব আল্লাহ অথবা তাঁর রাসূলের পক্ষ হতে অভিশাপ হচ্ছে তার প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি ও বিরাগের ঘোষণা এবং খুবই ভয়ানক শাস্তি। আল্লাহর পক্ষ হতে কারো প্রতি অভিশাপের অর্থ এই যে, দয়াময়, দয়ালু আল্লাহ উক্ত পাপীকে তাঁর ব্যাপক রহমত থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত দিয়েছেন। আর আল্লাহর রাসূল অথবা তার ফেরেশতার পক্ষ হতে অভিশাপের অর্থ হচ্ছে উক্ত ব্যক্তির প্রতি বিরাগভাজন, তার অভিশাপযোগ্য হওয়ার ঘোষণা এবং তাকে আল্লাহর রহমত হতে বঞ্চিত করার বদদু'আ। এ হিসাবে হাদীসের অর্থ এই দাঁড়ায় যে, রাসূলুল্লাহ ﷺ ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারীর প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তার প্রতি বদদু'আ করেছেন যে, আল্লাহ তাকে তাঁর রহমত থেকে বঞ্চিত করুন। আল্লাহর আশ্রয় চাই। রাহমাতুল্লিল আলামীন শাফীউল মুযনিবীন ﷺ যে হতভাগার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার জন্য আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়ার বদদু'আ করেছেন সেই দুর্ভাগার ঠিকানা কোথায়?

আলোচ্য হাদীসের কোন বর্ণনায় একটি শব্দ الرائش অতিরিক্ত রয়েছে। এর অর্থ এই যে, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা ছাড়াও সেই মধ্যবর্তী (দালাল)-এর প্রতিও রাসুলুল্লাহ ﷺ অভিশাপ করেছেন, যে ঘুষ লেন-দেনের মাধ্যম ও যোগসূত্র।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান