আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৮২২
আন্তর্জাতিক নং: ১৮২২
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
পতঙ্গ খাওয়া।
১৮২৯। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাতটি গাযওয়ায় শরীক হয়েছি। আমরা পতঙ্গ আহার করতাম। নাসাঈ

শু‘বা (রাহঃ) এই হাদীসটিকে আবু ইয়াফুর-ইবনে আবু আওফা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে থেকে বহু গাযওয়া করেছি। আমরা পতঙ্গ খেতাম। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... শু‘বা (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে।

এই বিষয়ে ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ। আবু ইয়াফুর (রাহঃ)-এর নাম হল ওয়াকিদ। ওয়াকদান বলেও কথিত আছে। অপর একজন আবু ইয়া‘ফুর আছেন। তাঁর নাম হল আব্দুর রহমান ইবনে উবাইদ ইবনে বাসতাস।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَكْلِ الْجَرَادِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، وَالْمُؤَمَّلُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ .
قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ، هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي يَعْفُورٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ . حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا .
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو يَعْفُورٍ اسْمُهُ وَاقِدٌ وَيُقَالُ وَقْدَانُ أَيْضًا وَأَبُو يَعْفُورٍ الآخَرُ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسَ .

হাদীসের ব্যাখ্যা:

আবু দাউদ শরীফে হযরত সালমান ফারসী রাযি. থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ)কে টিড্ডি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন: «أكثر جنود الله لا آكله ولا أحرمه» (অর্থাৎ, আল্লাহর অনেক মাখলুক তথা জীবজন্তু এমন রয়েছে যে, আমি নিজে তো এগুলো খাই না, কিন্তু হারামও বলি না।) উদ্দেশ্য এই যে, এটা হালাল এবং মানুষ এটা খেতে পারে।

এ হাদীস দ্বারা বুঝা যায় যে, হুযুর (ﷺ) নিজে টিড্ডি খেতেন না। এর আলোকে হাদীস ব্যাখ্যাতাগণ হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রাযি.-এর উপরের হাদীসের মর্ম এই বর্ণনা করেছেন যে, সাহাবায়ে কেরাম হুযুর (ﷺ)-এর সাথে যুদ্ধের সময় টিড্ডিও খেতেন এবং তিনি নিষেধ করতেন না। এ অর্থের একটি ইঙ্গিত এটাও যে, হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রাযি.-এর এ হাদীসেরই বিভিন্ন বর্ণনায় معه অর্থাৎ, তাঁর সাথে শব্দটি নেই; বরং সেখানে শেষ শব্দমালা এই: كنا نأكل الجراد অর্থাৎ, আমরা টিড্ডি খেতাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)