আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৬. যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা

হাদীস নং: ২৩৩৮
আন্তর্জাতিক নং: ২৩৩৮
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
দু’টো বিষয়ের ভালবাসায় বৃদ্ধের হৃদয় যুবকে পরিণত হয়।
২৩৪১. কুতায়বা (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃদ্ধের মন দু‘টো বিষয়ের ভালবাসায় যুবকঃ দীর্ঘ জীবন এবং সম্পদের আধিক্য।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي قَلْبُ الشَّيْخِ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " قَلْبُ الشَّيْخِ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ طُولُ الْحَيَاةِ وَكَثْرَةُ الْمَالِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ মানুষকে বুদ্ধিবৃত্তি ও কামনাশক্তি দান করেছেন। মানুষ এ দুটোকে ভাল-মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে। কোন মহান কাজ শুধু বুদ্ধির দ্বারাই সম্পাদন করা সম্ভব নয়; বুদ্ধির সাথে যখন আবেগ-উদ্দীপনা এবং ভালবাসা সংযোজিত হয়, তখন মানুষের সৃষ্টি সুন্দর ও মহান হয়। আবার মানুষের আবেগ, উৎসাহ ও উদ্দীপনা যখন বুদ্ধি বিবর্জিত হয়, তখন তার দ্বারা কোন মহৎ কাজ সম্পাদন করা সম্ভব নয়। আশা-আকাঙ্ক্ষা বা প্রবৃত্তিকে বুদ্ধির অধীন রাখা বুদ্ধিমানের কাজ। মু'মিন ব্যক্তি সর্বদা তার আশা-আকাঙ্ক্ষা ও কামনা-বাসনাকে বুদ্ধির অধীন ও বুদ্ধিকে আসমানী কিতাবের অধীনে রাখেন। তাই মু'মিনের জীবনে বল্গাহীন কামনা-বাসনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মু'মিনের নিকট দুনিয়া-আখিরাতের হাকীকত অনাবৃত থাকার কারণে মুমিন ব্যক্তি সীমাহীন সম্পদ এবং দীর্ঘ জীবন কামনা করতে পারে না।

সম্ভবত মানুষ বৃদ্ধ হলে তার আবেগ-উদ্দীপনা ও বুদ্ধি-বিবেচনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকার কারণে সম্পদ ও দীর্ঘ জীবনের মোহ বেশি করতে থাকে। বৃদ্ধ বয়সে সম্পদ ও জীবনের লোভের যৌবন অবস্থা কেন থাকে তা একমাত্র আল্লাহ তা'আলাই জানেন। আল্লাহ আমাদের বার্ধক্যের এ দুটো ফিতনা থেকে রক্ষা করুন আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান