আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৪. কুরআনে কারীমের ফযীলত ও আদব
হাদীস নং: ২৯০৪
আন্তর্জাতিক নং: ২৯০৪
কুরআনে কারীমের ফযীলত ও আদব
কুরআন তিলাওয়াতকারীর ফযীলত
২৯০৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং সে এই বিষয়ে দক্ষ, সে (আখিরাতে) নেককার সম্মানিত লিপিকর ফিরিশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করে, হিশাম বলেন, আর তা তার জন্য কষ্টকর হয়, শু’বা বলেন, সে ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান।আবু দাউদ، বুখারি ও মুসলিম
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
أبواب فضائل القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ قَارِئِ القُرْآنِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ قَالَ هِشَامٌ وَهُوَ شَدِيدٌ عَلَيْهِ قَالَ شُعْبَةُ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ فَلَهُ أَجْرَانِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে سفرة যে শব্দটি এসেছে, এর দ্বারা অধিকাংশ হাদীস ব্যাখ্যাতাগণ ওহী বাহক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেছেন। আর কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী-রাসূলগণ। আর শাব্দিক অর্থে উভয়টিরই অবকাশ রয়েছে। হাদীসটির মর্ম এই যে, আল্লাহর যেসব বান্দা কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করে এর সাথে সম্পর্ক রাখে এবং অধিক তেলাওয়াত ও চর্চার কারণে কুরআনের সাথে তাদের বিশেষ সম্বন্ধ ও ব্যুৎপত্তি অর্জিত হয়ে যায়, তারা নবী-রাসূল অথবা ওহীবাহক ফেরেশতাদের সঙ্গ ও সান্নিধ্য লাভ করবে। আর যেসব বান্দার অবস্থা এই যে, যোগ্যতা ও চর্চার স্বল্পতার কারণে তারা কুরআন চালু পড়তে পারে না; বরং কষ্ট করে আটকে আটকে পড়ে এবং এ অবস্থা সত্ত্বেও সওয়াব ও পুণ্যের আশায় তেলাওয়াত করেই যায়। তারা তেলাওয়াতের সওয়াব ও প্রতিদান ছাড়া এই কষ্ট বরদাশত করার কারণে অতিরিক্ত সওয়াব পাবে। তাই এ অবস্থার কারণে তাদের মন ভেঙ্গে দেওয়ার কোন কারণ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)