আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩১৯৭
আন্তর্জাতিক নং: ৩১৯৭
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা সাজদা
৩১৯৭. ইবনে আবু উমর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছূ তৈরী করে রেখেছি যা কোন চক্ষু প্রত্যক্ষ করেনি, কোন কান শ্রবণ করেনি, কোন মানুষের মনে এর কল্পনাও আসেনি। আল্লাহর কিতাবে এই বিষয়টির সমর্থন বিদ্যমানঃ

فلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ السَّجْدَةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ وَتَصْدِيقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ : ( فلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ) " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

এটা হাদীসে কুদসী। যেসব হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেন যে, আল্লাহ বলেছেন, অথচ তা কুরআন শরীফের অন্তর্গত নয় সেসব হাদীসকে হাদীসে কুদসী বলা হয়। আলোচ্য হাদীস এ ধরনের, এতে আল্লাহর নেক বান্দাহদের জন্য সুসংবাদ রয়েছে যে, আখিরাতের যিন্দেগীতে তারা এমন উচ্চমানের জিনিস লাভ করবে যা দুনিয়াতে কোন লোক কখনও পায়নি, কোন চোখ তা দেখেনি, কোন কান তার বিবরণ শুনেনি এবং কোন মানুষের হৃদয় তার কল্পনাও করতে পারেনি। অধিকন্তু এতে বান্দাহদের জন্য আল্লাহর ভালবাসা এবং রহম করম পরিপূর্ণ শব্দাবলী «أَعْدَدْتُ لِعِبَادِي» (আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন জিনিস তৈরী করে রেখেছি) রয়েছে। বান্দাহগণ কুরবান হোন দয়ালু প্রভুর এ রহম করমের জন্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)