আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৯০
আন্তর্জাতিক নং: ৩৭৯০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯০। সুফইয়ান ইব্ন ওয়াকী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের বিষয়ে আমার উম্মাতের মাঝে সবচাইতে দয়ালু ব্যক্তি হল আবু বাকর, আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠোর হল উমার, সবচেয়ে লজ্জাশীল হল উসমান ইবন আফফান, হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হল মুআয ইবন জাবাল, ফারাইয সম্পর্কে সবচেয়ে প্রাজ্ঞ হল যায়দ ইবন ছাবিত, কিরআত সম্পর্কে বেশী জ্ঞানের অধিকারী হল উবাই ইবন কা'ব। প্রত্যেক উম্মতেরই একজন আমীন (বিশেষ আমানতদার) রয়েছে, এই উম্মতের আমীন হল আবু উবায়দা ইবনুল জাররাহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيٍّ بن كعب ، وَأَبِي عُبَيْدَةَ بْنِ الجَرَّاحِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ دَاوُدَ العَطَّارِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ بْنُ عَفَّانَ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ». «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رَوَاهُ أَبُو قِلَابَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. «وَالمَشْهُورُ حَدِيثُ أَبِي قِلَابَةَ»
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি গারীব। কাতাদা (রাহঃ)-এর হাদীস হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ কিলাৰা (রাহঃ) এ হাদীসটি আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীসে খলীফা চতুষ্টয়ের মধ্য থেকে প্রত্যেকের ঐ গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার মধ্যে উম্মতের সকলের উপর তাঁর প্রাধান্য অর্জিত রয়েছে। হযরত আবু বকর রাযি. দয়া ও কোমলতায় সমগ্র উম্মতের মধ্যে অগ্রগামী। তেমনিভাবে আল্লাহর বিধান ও অধিকার সমূহের ব্যাপারে কঠোরতা প্রদর্শনে হযরত উমর রাযি. অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তদ্রূপভাবে লজ্জাগুণে যাকে হাদীসে ঈমানের বিশেষ শাখা বলা হয়েছে, এ ঈমানী বৈশিষ্ট্য বিবেচনায় উম্মতের মধ্যে হযরত উসমান রাযি. অগ্রগামী। কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা। এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)