আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৩৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১২০- মুসলিম তার ভাইয়ের আয়নাস্বরূপ।
২৩৮। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়নাস্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই। সে তার অনুপস্থিতিতে তার সম্পদের হেফাযত করবে (এবং তার অবর্তমানেও তার হেফাযত করবে)
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْمُسْلِمُ مَرْآةُ أَخِيهِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْمُؤْمِنُ مَرْآةُ أَخِيهِ، وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ، يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ، وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ‏.‏

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারেমী)।

হাদীসের ব্যাখ্যা:

আয়নার কাজ এই যে, এটা দর্শককে তার চেহারার প্রতিটি দাগ ও কলঙ্ক এবং প্রত্যেকটি দৃষ্টিকটু চিহ্ন দেখিয়ে দেয় এবং কেবল তাকেই দেখায়, অন্যদেরকে নয়। এক মু'মিন অন্য মু'মিনের আয়না হওয়ার মর্মও এটাই যে, সে অন্য ভাইয়ের মধ্যে যে অসমীচীন ও সংশোধনযোগ্য বিষয় দেখবে, সে আন্তরিকতা ও কল্যাণকামিতার সাথে তাকে এটা অবহিত করে দিবে এবং অন্যদের মাঝে এটা প্রচার করবে না।

সামনে বলা হয়েছে যে, প্রতিটি মুসলমান অন্য মুসলমানের ভাই। এ ভ্রাতৃত্ব সম্পর্কের কারণে তার উপর এ দায়িত্ব বর্তায় যে, যদি তার উপর কোন বিপদ ও বিপর্যয় আসতে দেখে, তাহলে সে নিজ শক্তি অনুযায়ী এটাকে প্রতিহত করবে এবং এর আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করবে। আর যেভাবে নিজের কোন প্রিয় জিনিসের চতুর্দিক থেকে রক্ষণাবেক্ষণ ও হেফাযত করা হয়, ঠিক তেমনিভাবে নিজের ঈমানী ও দ্বীনি ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং তার পাহারাদারী করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান