আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩০৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৪- সচ্চরিত্র হওয়ার জন্য আল্লাহর নিকট দুআ করা
৩০৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বহুল পরিমাণে এই দুআ করিতেনঃ “হে প্রভু! আমি তোমার কাছে সু-স্বাস্থ্য, নিষ্কলুষ চরিত্র, আমানতদারী, সুন্দর স্বভাব এবং তাকদীরে সন্তুষ্টি প্রার্থনা করিতেছি।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ دَعَا اللَّهَ أَنْ يُحَسِّنَ خُلُقَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ التَّنُوخِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ‏:‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ، وَالْعِفَّةَ، وَالأَمَانَةَ، وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَا بِالْقَدَرِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আতে রাসূলুল্লাহ ﷺ সর্বপ্রথম আল্লাহ্ তা'আলার কাছে সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন। স্বাস্থ্য দীন ও দুনিয়ার বহু বড় নিয়ামত, এতে সন্দেহের কোন অবকাশ নেই। এর মূল্য ও কদর তখনই অনুভব করা যায়, যখন কেউ তা থেকে বঞ্চিত হয়ে কোন রোগ-ব্যাধির শিকার হয়ে পড়ে। তখন সে হাড়ে হাড়ে টের পায় যে, স্বাস্থ্য আল্লাহর কত বড় নিয়ামত এবং স্বাস্থ্যসমৃদ্ধ জীবনের এক এক মুহূর্ত তাঁর কত মূল্যবান দান। আল্লাহ ওয়ালা বুযুর্গগণ এটা আরো বেশি করে অনুভব করেন এজন্যে যে, স্বাস্থ্য হানি ঘটলে তাঁদের ইবাদত-বন্দেগীর দৈনন্দিন কর্মসূচীতে বিরাট ব্যাঘাত ঘটে। এতে আল্লাহ তা'আলার প্রতি মনোনিবেশের ব্যাপারটিও দারুনভাবে ব্যাহত হয়। আর এটা তাদের জন্যে আরো বেশি মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

'আমানত' কুরআনী ও দ্বীনী পরিভাষার একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর অর্থ মানব মনের সে অবস্থা, যাতে আল্লাহ ও বান্দাদের সাথে সম্পর্কের আলোকে তার উপর আরোপিত জিম্মাদারী সমূহ সমান ভাবে আদায় করার তাগিদ সে অনুভব করে এবং সেজন্যে সচেষ্ট হয়। সদাচার এবং তকদীরের প্রতি সন্তুষ্টি এমন দু'টি ব্যাপার যার ব্যাখ্যার কোন প্রয়োজন আছে বলে মনে করি না।

এ দু'আতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সুস্বাস্থ্যের সাথে সাথে সচ্চরিত্রতা, আমানতদারী, সদাচার ও তাকদীরের প্রতি সন্তুষ্টির প্রার্থনা করেছেন। এ সবই হচ্ছে ঈমানী সিফাত বা মু'মিন সুলভ গুণাবলী এবং ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এগুলো থেকে বঞ্চিত থাকা নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্য দশটি দীনী ও দুনিয়াবী নিয়ামতের মত এগুলোও কেবল আল্লাহ তা'আলা কাউকে দান করলে সে তা পেতে পারে। ফার্সী কবির ভাষায়:
این سعادت بزور بازو نسيت
گر نه بخشد خرائے بخشنده
অর্থাৎ এ সৌভাগ্য বাহু বলে হয়না অর্জন,
মহান দাতা খোদা না করিলে দান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান