আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪০৬
আন্তর্জাতিক নং: ৩৬৭১
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২০৮৪. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪০৬। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে হানাফীয়া (রাহঃ) বলেন, আমি আমার পিতা আলী (রাযিঃ)- কে জিজ্ঞাসা করলাম, নবী কারীম (ﷺ)- এর পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, আবু বকর (রাযিঃ)। আমি বললাম, এর পর কে? তিনি বললেন, উমর (রাযিঃ)। আমার আশঙ্কা হল যে, এরপর তিনি উসমান (রাযিঃ)- এর নাম বলবেন, তাই (তাঁকে জিজ্ঞাসা না করে) আমি বললাম, তারপর আপনি? তিনি বললেন, না, আমি তো মুসলিমদের একজন।
كتاب المناقب
باب
3671 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِي رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو يَعْلَى، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، قَالَ: قُلْتُ لِأَبِي أَيُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «أَبُو بَكْرٍ» ، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ عُمَرُ» ، وَخَشِيتُ أَنْ يَقُولَ عُثْمَانُ، قُلْتُ: ثُمَّ أَنْتَ؟ قَالَ: «مَا أَنَا إِلَّا رَجُلٌ مِنَ المُسْلِمِينَ»
হাদীসের ব্যাখ্যা:
মুহাম্মদ ইবনে হানাফিয়্যা হযরত আলী রাযি.-এর পুত্র। হযরত ফাতেমার গর্ভ থেকে নয়; বরং হযরত আলী রাযি.-এর হেরেমের হানাফিয়্যা নাম্নী মহিলার গর্ভজাত সন্তান। তার আসল নাম ছিল খাওলা। নিজের গোত্রের সম্পর্কের কারণে হানাফিয়্যা নামে পরিচিত। হযরত আবূ বকর রাযি.-এর যুগে নবুওয়াতের মিথ্যা দাবীদার মুসায়লামা কায্যাব ও তার অনুসারীদের সাথে যে জেহাদ ও লড়াই হয়, সেখানে বিজয়ের পর যেসব নারী-পুরুষ যুদ্ধ বন্দী হয়ে আসে, তাদের মধ্যে এ খাওলাও ছিলেন। রীতি অনুযায়ী তিনি হযরত আলী-এর হেরেমে দাখিল হয়ে যান। মুহাম্মদ ইবনে হানাফিয়্যা তারই তরফে হযরত আলী রাযি.-এর পুত্র। জ্ঞান গরিমা, তাকওয়া ও অন্যান্য গুণাবলীতে তিনি উঁচু স্তরের তাবেয়ী ছিলেন। তিনিই বর্ণনা করেন যে, আমার পিতা হযরত আলী রাযি.-এর নিকট জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর পর উম্মতের মধ্যে শ্রেষ্ঠতর ব্যক্তি কে? তিনি তখন প্রথম ক্রমিকে হযরত আবূ বকর রাযি. ও দ্বিতীয় ক্রমিকে হযরত উমরের নাম উচ্চারণ করলেন এবং নিজের ব্যাপারে বললেন যে, আমি মুসলমানদের একজন ছাড়া অন্য কিছু নই। এ কথা স্পষ্ট যে, হযরত আলী রাযি. এটা বিনয় ও নিজেকে ছোট করে প্রকাশ করার জন্য বলেছেন। অন্যথায়, উম্মতের মধ্যে সেসময় সবার চেয়ে শ্রেষ্ঠ হযরত আলীই ছিলেন। হযরত উসমান তো এর আগেই শহীদ হয়ে গিয়েছিলেন। এ রিওয়ায়াতটি তো মুহাম্মদ ইবনে হানাফিয়্যার। মুহাদ্দিসদের নিকট হযরত আলী রাযি. থেকে একটি রিওয়ায়াত মুতাওয়াতির হিসাবে প্রমাণিত রয়েছে, যেখানে তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর পর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ও উঁচু মর্যাদার অধিকারী হচ্ছেন, হযরত আবু বকর রাযি. ও হযরত উমর রাযি.। যে ব্যক্তি আমাকে এ দু'জনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবে, আমি তার উপর হদ (ইসলামী দণ্ডবিধি) জারী করব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: