আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৯৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২২৬- রোগীর রোগ-যাতনা তাহার গুনাহের কাফ্‌ফারা স্বরূপ ।
৪৯৪। আব্দুর রহমান ইব্‌ন সাঈদ তাঁহার পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আমি একদা হযরত সালমানের সাথে ছিলাম। তিনি তখন কিন্দায় এক রোগী দেখিতে (অর্থাৎ তাহার কুশল জিজ্ঞাসা করিতে) গিয়াছিলেন। যখন তিনি তাহার রোগশয্যায় উপস্থিত হইলেন তখন বলিলেনঃ সুসংবাদ গ্রহণ কর । কেননা, আল্লাহ্ তাআলা মু’মিন বান্দার রোগকে তাহার গুনাহসমূহের কাফ্ফারা এবং কৈফিয়ত স্বরূপ গ্রহণ করেন । আর পাপী ব্যক্তির রোগ হইল ঐ উটের মত যাহাকে তাহার মালিক পা মিলাইয়া বাঁধিল। আবার ছাড়িয়া দিল অথচ সে জানিল না যে কেন তাহাকে বাঁধা হইল আর কেনই বা তাহাকে ছাড়িয়া দেওয়া হইল।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " كُنْتُ مَعَ سَلْمَانَ ، وَعَادَ مَرِيضًا فِي كِنْدَةَ ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ ، قَالَ : أَبْشِرْ ، فَإِنَّ مَرَضَ الْمُؤْمِنِ يَجْعَلُهُ اللَّهُ لَهُ كَفَّارَةً وَمُسْتَعْتَبًا ، وَإِنَّ مَرَضَ الْفَاجِرِ كَالْبَعِيرِ عَقَلَهُ أَهْلُهُ ، ثُمَّ أَرْسَلُوهُ ، فَلا يَدْرِي لِمَ عُقِلَ وَلِمَ أُرْسِلَ " .

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর বাণীর সারমর্ম হচ্ছে এই যে, রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট, অস্থিরতা (যা এই দুনিয়ায় আকশ্যিকভাবে হয়েই থাকে) তাকে কেবল বিপদ এবং আল্লাহর ক্রোধের ও শাস্তির বহিঃপ্রকাশ মনে না করা উচিত, আল্লাহর সাথে যারা নিবিড় সম্পর্ক রাখে তাদের জন্য এ সবের মধ্যে বিরাট কল্যাণ ও রহমত নিহিত রয়েছে। এর দ্বারা পাপ বিমোচিত হয়ে যায় এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং বুলন্দ মর্যাদা লাভ করা যায় এবং আমলের ঘাটতি পূরণ হয়। এগুলো দ্বারা ভাগ্যবানদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আল্লাহর যে সকল বান্দা বড় বড় রোগ ব্যাধি এবং বিপদাপদকে অনুগ্রহ ও প্রদর্শিত দয়া প্রাপ্তির একটি মাধ্যম মনে করেন তাদের জন্য রাসূলুল্লাহ ﷺ প্রদর্শিত শিক্ষার মধ্যে কতই না বিরাট বরকত নিহিত রয়েছে। আল্লাহ্ তা'আলা এ বিরল মর্যাদা যাদের দান করেছেন তারা ভালভাবে জানেন যে, এ কত বিরাট অনুগ্রহ। তারা আরো জানেন, রোগাক্রান্ত অবস্থায় তাদের ঈমানে কত শক্তি সঞ্চয় হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক ও ভালবাসার স্তর কত উন্নত করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান