আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৪২৮
আন্তর্জাতিক নং: ৩৬৯৩
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২০৮৫. উমর ইবনে খাত্তাব আবু হাফস কুরাইশী-আদাবী (রাযিঃ)- এর ফযীলত ও মর্যাদা
৩৪২৮। ইউসুফ ইবনে মুসা (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মদীনার কোন একটি বাগানের ভিতর আমি নবী কারীম (ﷺ)- এর সঙ্গে ছিলাম। তখন এক ব্যক্তি এসে বাগানের দরজা খুলে দেওয়ার জন্য বলল। নবী কারীম (ﷺ) বললেন, তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখলাম যে, তিনি আবু বকর (রাযিঃ)। তাঁকে আমি রাসূলুল্লাহ (ﷺ) প্রদত্ত সুসংবাদ দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন। এরপর আরেক ব্যক্তি এসে দরজা খোলার জন্য বলল। নবী কারীম (ﷺ) বললেন, তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও।
(রাবী বলেন) আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখতে পেলাম যে, তিনি উমর (রাযিঃ)। তাকে আমি নবী কারীম (ﷺ) প্রদত্ত সুসংবাদ জানিয়ে দিলাম। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন। এরপর আরো একজন দরজা খুলে দেয়ার জন্য বললেন। নবী কারীম (ﷺ) বললেন, দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। কিন্তু তার উপর কঠিন বিপদ আসবে। (দরজা খুলে) দেখলাম যে, তিনি উসমান (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমি তাকে তা বলে দিলাম। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন আর বললেন,اللَّهُ الْمُسْتَعَانُ আল্লাহই সাহায্যকারী।
كتاب المناقب
باب مَنَاقِبُ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَبِي حَفْصٍ الْقُرَشِيِّ الْعَدَوِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
3693 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنِي عُثْمَانُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ فَجَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَفَتَحْتُ لَهُ، فَإِذَا أَبُو بَكْرٍ، فَبَشَّرْتُهُ بِمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ جَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» ، فَفَتَحْتُ لَهُ فَإِذَا هُوَ عُمَرُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ، فَقَالَ لِي: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، عَلَى بَلْوَى تُصِيبُهُ» ، فَإِذَا عُثْمَانُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ، ثُمَّ قَالَ: اللَّهُ المُسْتَعَانُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে 'বাগান' এর জন্য حائط শব্দ ব্যবহার করা হয়েছে। حائط ঐ বাগানকে বলা হয়, যার চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকে। এতে প্রবেশের জন্য দরজা থাকে। এ হাদীসে এ ঘটনা বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনার এ জাতীয় কোন বাগানেই অবস্থান করছিলেন এবং তখন কেবল আবূ মূসা আশআরীই তাঁর কাছে ছিলেন। (এ হাদীসেরই অন্য এক বর্ণনায় একথাও রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন দরজায় পাহারা দেন এবং কাউকে বিনা অনুমতিতে ভিতরে আসতে না দেন।) এমন সময় এক ব্যক্তি দরজা খুলে ভিতরে আসতে চাইল। হুযূর (ﷺ) আবু মূসা আশআরীকে বললেন যে, তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আবূ মূসা আশআরীর জানা ছিল না যে, এ আগন্তুক কে। যখন দরজা খুললেন তখন দেখলেন যে, তিনি হযরত আবু বকর রাযি.। আবূ মূসা তখন তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত আবূ বকর রাযি. জান্নাতের সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর হযরত উমর রাযি. দরজা খুলে ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) আবু মুসাকে তাই বললেন, যা এর পূর্বে হযরত আবু বকরের জন্য বলেছিলেন। আবু মুসা রাযি.-এর জানা ছিল না যে, এবার যিনি এসেছেন তিনি কে? যখন দরজা খুললেন, তখন দেখলেন যে, ইনি হযরত উমর রাযি.। তিনি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত উমর রাযি.-ও সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। এরপর তৃতীয় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুরোধ করলেন এবং ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) হযরত আবু মুসা আশআরীকে বললেন যে, তাঁর জন্যও দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও- তাঁর উপর আগত একটি বিপদের সাথে। আবু মুসা আশআরীর জানা ছিল না যে, এবারের আগন্তুক কে? তিনি যখন হুযুর (ﷺ)-এর নির্দেশ অনুযায়ী দরজা খুললেন, তখন দেখলেন যে, তিনি হযরত উসমান ইবনে আফফান রাযি.। তিনি তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। এর সাথে এ কথাও বলে দিলেন যে, তিনি একটি বিরাট পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবেন। হযরত উসমান রাযি. জান্নাতের সুসংবাদ লাভে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বিপদের কথা শুনে বললেনঃ الله المستعان (আল্লাহই আমার সাহায্যকারী।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)