আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৫৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩১৮- কারো নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করা।
৭৫৫. মুহাম্মাদ ইবন মুনকাদির হযরত জাবিরের প্রমুখাৎ বর্ণনা করেন যে, এক ব্যক্তি বলিলঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে একটা দীনার আছে। তিনি বলিয়াছেনঃ উহা তুমি তােমার নিজের জন্য ব্যয় কর। সে ব্যক্তি বলিল, আমার কাছে অপর একটি মুদ্রা রহিয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তবে তুমি উহা তােমার খাদেমের (ভূত্যের) জন্য ব্যয় কর অথবা তিনি তাহার ছেলের কথাও বলিয়া থাকিতে পারেন। সে ব্যক্তি বলিল, আমার কাছে আরাে একটি আছে। বলিলেন ও উহা আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও। আর উহা হইতেছে সর্ব নিকৃষ্ট। (অর্থাৎ উপরের খাতসমূহ হইতে এই খাতের সাওয়াব কম হইবে।)
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو رَافِعٍ إِسْمَاعِيلُ بْنُ رَافِعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ‏:‏ قَالَ رَجُلٌ‏:‏ يَا رَسُولَ اللهِ، عِنْدِي دِينَارٌ‏؟‏ قَالَ‏:‏ أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ، قَالَ‏:‏ عِنْدِي آخَرُ، فَقَالَ‏:‏ أَنْفِقْهُ عَلَى خَادِمِكَ، أَوْ قَالَ‏:‏ عَلَى وَلَدِكَ، قَالَ‏:‏ عِنْدِي آخَرُ، قَالَ‏:‏ ضَعْهُ فِي سَبِيلِ اللهِ، وَهُوَ أَخَسُّهَا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ এ ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখে রাসূলুল্লাহ (ﷺ) অনুমান করতে পেরেছিলেন যে, লোকটি নিজেই অভাবী ও গরীব। আর তার কাছে কেবল একটি দীনারই রয়েছে এবং সে এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাভ ও আখেরাতের সওয়াবের জন্য কোথাও খরচ করতে চায়। তার এ কথা জানা নেই যে, মু'মিন বান্দা যা কিছু নিজের প্রয়োজনে খরচ করে অথবা আপন স্ত্রী-সন্তান ও গোলামদের পেছনে ব্যয় করে, এর সবকিছুই সদাকা হিসাবে গণ্য হয় এবং এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি ও সওয়াব লাভের ওসীলা হয়। এ জন্য হুযুর (ﷺ) তাকে এ ক্রমানুসারে এ পরামর্শ দিয়েছেন। সাধারণ নিয়ম ও নির্দেশ এটাই যে, মানুষ প্রথমে ঐসব হক ও দায়িত্ব পালন করবে, যেগুলো ব্যক্তিগতভাবেই তার উপর বর্তায় এবং নিজস্ব দায়িত্ব হিসাবেই বিবেচিত হয়। তারপর সে সামনে অগ্রসর হবে। হ্যাঁ, তবে আল্লাহর ঐসব বিশেষ বান্দা- যারা তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি নির্ভরশীলতার উঁচু স্তর অর্জন করে নিয়েছে এবং তাদের পরিবার-পরিজনও এ মহাসম্পদ থেকে অংশ লাভ করে নিয়েছে, তাদের জন্য এটা ঠিক যে, নিজেরা উপোস করবে, পেটে পাথর বাঁধবে আর ঘরে যে খাবার রয়েছে সেটা গরীব-দুস্থদেরকে বিলিয়ে দেবে। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এবং বিশিষ্ট সাহাবীদের অবস্থা ও রীতি এটাই ছিল। আল্লাহ্ তা'আলা বলেন: وَیُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَلَوۡ کَانَ بِہِمۡ خَصَاصَۃٌ অর্থাৎ, তারা নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দেয়। (সূরা হাশর)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান