আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৮৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮৯- আশা-আকাঙক্ষা
৮৮৫. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা রাত্রিতে (দুশ্চিন্তায়) নবী করীম (ﷺ) ঘুমাইতে পারিতেছিলেন না তখন তিনি বলিলেনঃ হায়! আমার সাহাবীদের মধ্য হইতে কেহ যদি আসিয়া আমাকে এই রাত্রিতে পাহারা দিত। এমনি সময় বাহিরে অস্ত্রের ঝনঝনানি শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, কে? বলা হইল (ইয়া রাসূলাল্লাহ্) সা’দ, ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনাকে পাহারা দিতে আসিয়াছি। অতঃপর নবী করীম (ﷺ) শুইয়া পড়িলেন। এমন কি আমরা তাহার নাকের ডাক শুনিতে পাইলাম।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ التَّمَنِّي
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: أَرِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ: لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَجِيئُنِي فَيَحْرُسَنِي اللَّيْلَةَ، إِذْ سَمِعْنَا صَوْتَ السِّلاَحِ، فَقَالَ: مَنْ هَذَا؟ قَالَ: سَعْدٌ يَا رَسُولَ اللهِ، جِئْتُ أَحْرُسُكَ، فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ.
হাদীসের ব্যাখ্যা:
যখন কোন বান্দার অন্তরে আল্লাহর কোন খাছ বান্দার প্রতি ঐ খাঁটি ভালবাসা সৃষ্টি হয়ে যায়- যাকে এশক ও প্রেম বলা হয়, তখন অনেক সময় এমন হয় যে, প্রেমাস্পদের অন্তরে যে অবস্থা ও ভাব সৃষ্টি হয়, প্রেমিকের অন্তরে এর প্রভাব পড়ে। হযরত আয়েশা রাযি. যে ঘটনা বর্ণনা করেছেন, এটা ঐ বাস্তবতারই একটি দৃষ্টান্ত। হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস রাযি.- যিনি প্রথম যুগের মুসলমান, তাঁর মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি এ পর্যায়ের এশকের সম্পর্ক ছিল। এর ফল এই ছিল যে, কোন সাময়িক আশংকার কারণে ঘুম না আসার যেভাব ও আকাঙ্খা হুযুর (ﷺ)-এর অন্তরে জাগ্রত হল যে, কোন পুণ্যবান ব্যক্তি যদি এ সময় এসে যেত, আর আমার পাহারাদারী করত, তাহলে আমি নিশ্চিন্তে ঘুম যেতে পারতাম। এর প্রভাব হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস রাযি.-এর অন্তরে পড়ল এবং তিনি তীর, ধনুক, বল্লম ইত্যাদিতে সজ্জিত হয়ে হুযুর (ﷺ)-এর নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এসে গেলেন, নিঃসন্দেহে হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাসের অন্তরে হুযূর (ﷺ)-এর প্রতি এ পর্যায়ের এশক আল্লাহ তা'আলার এক বিরাট নেয়ামত এবং তাঁর বিশেষ মর্যাদার প্রতীক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)