আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৭২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৩৯. অনুচ্ছেদঃ
৯৭২. হযরত আবু মুসা (রাযিঃ) বর্ণনা করেন, একদা তিনি নবী করীম (ﷺ)-এর সাথে মদীনায় কোন এক প্রাচীরের নিকটে অবস্থান করিতেছিলেন। নবী করীম (ﷺ)-এর হাতে তখন একটি লাঠি ছিল। তিনি উহা দ্বারা কাদা মাটিতে নাড়াচাড়া করিতেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসিয়া দরজায় করাঘাত করিলেন। নবী করীম (ﷺ) বলিলেনঃ উহার জন্য দরজা খুলিয়া দাও এবং তাঁহাকে বেহেশেতের সুসংবাদ প্রদান কর। আমি গিয়া দেখি আবু বকর। আমি তাঁহার জন্য দরজা খুলিয়া দিলাম এবং তাহাকে বেহেশতের সুসংবাদ প্রদান করিলাম। অতঃপর একটু সময় যাইতে না যাইতেই অপর এক ব্যক্তি আসিয়া দরজায় করাঘাত করিলেন। নবী (ﷺ) বলিলেনঃ উহাকে দরজা খুলিয়া দাও এবং বেহেশতের সুসংবাদ প্রদান কর। গিয়া দেখি উমর! আমি তাঁহাকে দরজা খুলিয়া দিলাম এবং বেহেশতের সুসংবাদ প্রদান করিলাম। অতঃপর একটু সময় যাইতে না যাইতেই অপর এক ব্যক্তি আসিয়া দরজায় করাঘাত করিলেন। নবী করীম (ﷺ) তখন হেলান দিয়া বসা ছিলেন, তিনি সোজা হইয়া বসিলেন এবং বলিলেনঃ যাও তাঁহাকে দরজা খুলিয়া দাও এবং তাঁহাকেও বেহেশতের সুসংবাদ প্রদান কর যাহা একটি কঠিন বিপর্যয়ের পর তিনি প্রাপ্ত হইবেন। আমি গিয়া দেখি উসমান। আমি তাঁহাকে দরজা খুলিয়া দিলাম এবং নবী করীম (ﷺ) যাহা বলিয়াছেন তাহা তাঁহাকে অবহিত করিলাম। তিনি বলিলেনঃ আল্লাহ্‌ই সাহায্যকারী।
أبواب الأدب المفرد للبخاري
بَابٌ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ غِيَاثٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ، وَفِي يَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم عُودٌ يَضْرِبُ بِهِ مِنَ الْمَاءِ وَالطِّينِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَفْتِحُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ افْتَحْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، فَذَهَبَ، فَإِذَا أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَفَتَحْتُ لَهُ، وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ‏.‏ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ، فَقَالَ‏:‏ افْتَحْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، فَإِذَا عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَفَتَحْتُ لَهُ، وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ‏.‏ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ، وَقَالَ‏:‏ افْتَحْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ، أَوْ تَكُونُ، فَذَهَبْتُ، فَإِذَا عُثْمَانُ، فَفَتَحْتُ لَهُ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ، قَالَ‏:‏ اللَّهُ الْمُسْتَعَانُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে 'বাগান' এর জন্য حائط শব্দ ব্যবহার করা হয়েছে। حائط ঐ বাগানকে বলা হয়, যার চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকে। এতে প্রবেশের জন্য দরজা থাকে। এ হাদীসে এ ঘটনা বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনার এ জাতীয় কোন বাগানেই অবস্থান করছিলেন এবং তখন কেবল আবূ মূসা আশআরীই তাঁর কাছে ছিলেন। (এ হাদীসেরই অন্য এক বর্ণনায় একথাও রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন দরজায় পাহারা দেন এবং কাউকে বিনা অনুমতিতে ভিতরে আসতে না দেন।) এমন সময় এক ব্যক্তি দরজা খুলে ভিতরে আসতে চাইল। হুযূর (ﷺ) আবু মূসা আশআরীকে বললেন যে, তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আবূ মূসা আশআরীর জানা ছিল না যে, এ আগন্তুক কে। যখন দরজা খুললেন তখন দেখলেন যে, তিনি হযরত আবু বকর রাযি.। আবূ মূসা তখন তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত আবূ বকর রাযি. জান্নাতের সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর হযরত উমর রাযি. দরজা খুলে ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) আবু মুসাকে তাই বললেন, যা এর পূর্বে হযরত আবু বকরের জন্য বলেছিলেন। আবু মুসা রাযি.-এর জানা ছিল না যে, এবার যিনি এসেছেন তিনি কে? যখন দরজা খুললেন, তখন দেখলেন যে, ইনি হযরত উমর রাযি.। তিনি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত উমর রাযি.-ও সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। এরপর তৃতীয় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুরোধ করলেন এবং ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) হযরত আবু মুসা আশআরীকে বললেন যে, তাঁর জন্যও দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও- তাঁর উপর আগত একটি বিপদের সাথে। আবু মুসা আশআরীর জানা ছিল না যে, এবারের আগন্তুক কে? তিনি যখন হুযুর (ﷺ)-এর নির্দেশ অনুযায়ী দরজা খুললেন, তখন দেখলেন যে, তিনি হযরত উসমান ইবনে আফফান রাযি.। তিনি তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। এর সাথে এ কথাও বলে দিলেন যে, তিনি একটি বিরাট পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবেন। হযরত উসমান রাযি. জান্নাতের সুসংবাদ লাভে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বিপদের কথা শুনে বললেনঃ الله المستعان (আল্লাহই আমার সাহায্যকারী।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)