মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২২৭
- ইলমের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৭। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ইলম দ্বারা আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, পার্থিব কোন বস্তু লাভের জন্য যে ব্যক্তি তা শিক্ষা করবে, সে রোজ কিয়ামতে বেহেশতের ঘ্রাণও লাভ করতে পারবে না। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب العلم
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» يَعْنِي رِيحَهَا. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলা দীনের ইলম নবী (আ) গণের মাধ্যমে এবং সর্বশেষে সায়্যিদিনা হযরত মুহাম্মদ খাতিমুন্নাবিয়্যীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর স্বীয় শেষ পবিত্র কিতাব কুরআন মজীদের মাধ্যমে এজন্য নাযিল করেছেন যে, এর আলোকে ও পথ প্রদর্শনে তাঁর বান্দাগণ আল্লাহর সন্তুষ্টির পথে চলে তাঁর রহমতের ঘর-জান্নাতে পৌঁছে যাবে। এখন যে হতভাগা এই পবিত্র ইলমকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও রহমতের পরিবর্তে নিজের আত্মার প্রবৃত্তি পূর্ণ করা ও পার্থিব সম্পদ অর্জনের হেতু বানায় আর এজন্য তা অর্জন করে, সে আল্লাহ তা'আলার নাযিলকৃত ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত এই পবিত্র ইলমের ওপর বিরাট যুলুম করে। এটা নিকৃষ্টতম গুনাহ। এ সব হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন যে, এর শাস্তি হচ্ছে- জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চনা ও জাহান্নামের ভয়ানক আযাব। (আল্লাহ আমাদের রক্ষা করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)