মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৯২
- নামাযের অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৬৯২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমার এই মসজিদে এক নামায অপর মসজিদে এক হাজার নামায অপেক্ষাও উত্তম। শুধু মসজিদে হারাম ব্যতীত। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَام»

হাদীসের ব্যাখ্যা:

মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)