মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৮
- নামাযের অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯২৮। হযরত আবু তালহা আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট তাশরীফ আনলেন। তখন তার চেহারায় খুশীর নিদর্শন পরিলক্ষিত হচ্ছিল। তিনি বললেন, আমার নিকট জিবরাঈল এসে বলেছেন, হে মুহাম্মাদ! আপনার প্রভু বলছেন যে, এটা কি আপনার সন্তুষ্টি বিধান করবে না যে, আপনার যে কোন উম্মত আপনার প্রতি একবার দরূদ পাঠ করলে নিশ্চয় আমি তার উপর দশবার রহমত বর্ষণ করব? এভাবে আপনার যে কোন উম্মত আপনার উপর একবার সালাম পাঠালে আমি তার প্রতি দশবার শান্তি বর্ষণ করব। -নাসায়ী, দারেমী
كتاب الصلاة
وَعَن أبي طَلْحَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبِشْرُ فِي وَجْهِهِ فَقَالَ: إِنَّهُ جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لَا يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلَا يُسَلِّمُ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا؟ . رَوَاهُ النَّسَائِيُّ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

কুরআনে পাকে আল্লাহ পাক বলেন:
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
- "(হে নবী!) আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এতটুকু দান করবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।"

এ প্রতিশ্রুতির পূর্ণমাত্রায় বাস্তবায়ন তো হবে কিয়ামতের সময়; কিন্তু এটাও তার একটি কিস্তি যে, আল্লাহ তা'আলা তাঁর সম্মান এতটুকু বৃদ্ধি করেছেন, এবং মাহবুবিয়তের এত উঁচু মকাম তাঁকে দান করেছেন যে, যে বান্দা তাঁর মহব্বত ও সম্মানে খালিস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রতি সালাত ও সালাম প্রেরণ করবে, আল্লাহ তা'আলা তার প্রতি দশটি সালাত ও সালাম প্রেরণের নীতি নিজের জন্যে বেছে নিয়েছেন। স্বয়ং জিবরাইল আমীন মারফত তিনি এ সুসংবাদটি দিয়েছেন এবং প্রিয়ভঙ্গিতে তা দিয়েছেন:
إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيْكَ يَا مُحَمَّدُ
-(আপনার প্রতিপালক বলছেন, আপনি কি এতে সন্তুষ্ট নন হে মুহম্মদ যে....)
আল্লাহ তা'আলা নসীবে রেখে থাকলে, এসব হাদীসের দ্বারা রাসূলুল্লাহ ﷺ-এর মহবুবিয়তের মকাম সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান