মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৭
- নামাযের অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯৩৭। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) শহর হতে বাইরে গেলেন। তিনি একটি খেজুর বাগানে গিয়ে সিজদায় রত হলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তাতেই থাকলেন। এতে আমার এরূপ আশংকা হল যে, না জানি আল্লাহ্ পাক তাঁকে উঠিয়ে নিয়েছেন। আব্দুর রহমান (রাযিঃ) বলেন, অতএব আমি তাঁর একান্ত নিকটে গিয়ে তাঁকে দেখতে লাগলাম। ঐ সময় তিনি তাঁর মস্তক উত্তোলন করলেন এবং বললেন, কি হে? আমার কাছে এসেছ কেন? আমি আমার মনের কথাটি তাঁকে বললাম। আব্দুর রহমান বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ফিরিশতা জিবরাঈল আমাকে বলল, আমি কি আপনাকে এই সুসংবাদ দিব না যে, আল্লাহ্ পাক আপনার ব্যাপারে বলেছেন, যে আপনার উপর দরূদ পড়বে আমি তার উপর রহমত বর্ষণ করব এবং যে আপনার উপর সালাম পাঠাবে, আমি তার উপর শান্তি বর্ষণ করব। -আহমদ
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى دَخَلَ نَخْلًا فَسَجَدَ فَأَطَالَ السُّجُودَ حَتَّى خَشِيتُ أَنْ يَكُونَ اللَّهُ تَعَالَى قَدْ تَوَفَّاهُ. قَالَ: فَجِئْتُ أَنْظُرُ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ: «مَا لَكَ؟» فَذَكَرْتُ لَهُ ذَلِكَ. قَالَ: فَقَالَ: إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَام قَالَ لي: أَلا أُبَشِّرك أَن اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ لَكَ مَنْ صَلَّى عَلَيْكَ صَلَاةً صَلَّيْتُ عَلَيْهِ وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سلمت عَلَيْهِ . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সালাত ও সালাম প্রেরণকারীদের প্রতি স্বয়ং আল্লাহ তা'আলার সালাত ও সালাম বর্ষণের কথা বর্ণিত হয়েছে, কিন্তু দশ সংখ্যার ওয়াদার এতে উল্লেখ নেই। কিন্তু এর আগে হযরত আবূ তালহা বর্ণিত হাদীসের দ্বারা জানা যায় যে, হযরত জিবরাইল (আ) আল্লাহ তা'আলার পক্ষ থেকে দশবার সালাত ও সালাম বর্ষণের সুসংবাদ দিয়েছিলেন। তারপর হয় রাসূলুল্লাহ ﷺ নিজেই আর দশবারের কথা উল্লেখ করা জরুরী বিবেচনা করেননি, অথবা পরবর্তী কোন রাবী হাদীস বর্ণনাকালে তা বলতে ভুলে গিয়ে থাকবেন।
মুসনাদে আহমদে এ হাদীসের অন্য এক রিওয়ায়াতে এটুকুও আছে فَسَجَدْتُ لِلّٰهِ شُكْرًا সুতরাং আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে সিজদা করলাম। ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করে মন্তব্য করেন: সিজদায়ে শুকর এর প্রমাণ স্বরূপ বর্ণিত হাদীসগুলোর মধ্যে আমার দৃষ্টিতে এটিই সর্বাধিক বিশুদ্ধ ও প্রামাণ্য হাদীস। আল্লাহই ভালো জানেন।
মুসনাদে আহমদে এ হাদীসের অন্য এক রিওয়ায়াতে এটুকুও আছে فَسَجَدْتُ لِلّٰهِ شُكْرًا সুতরাং আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে সিজদা করলাম। ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করে মন্তব্য করেন: সিজদায়ে শুকর এর প্রমাণ স্বরূপ বর্ণিত হাদীসগুলোর মধ্যে আমার দৃষ্টিতে এটিই সর্বাধিক বিশুদ্ধ ও প্রামাণ্য হাদীস। আল্লাহই ভালো জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)