মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩৯
- নামাযের অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৩৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) নামাযের মধ্যে (সালাম ফেরাবার পূর্বে) দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ্! আমি তোমার নিকট কবর আযাব হতে আশ্রয় চাইতেছি। আমি তোমার নিকট দাজ্জালের ফেতনা হতে আশ্রয় চাচ্ছি। আমি তোমার নিকট জীবন-মৃত্যুর পরীক্ষা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ্! আমি তোমার নিকট গুনাহ এবং ঋণের বোঝা হতে আশ্রয় চাইতেছি। এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি ঋণের জন্য অত্যধিক আশ্রয় চেয়ে থাকেন, (এর কারণ কি?) তিনি বললেন, এর কারণ হল, কেউ ঋণগ্রস্ত হলে কথা বলার সময় মিথ্যা বলে। ওয়াদা করলে তা ভঙ্গ করে (অর্থাৎ কথা ও ওয়াদা রক্ষা করতে পারে না।) -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الدُّعَاءِ فِي التَّشَهُّدِ
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي الصَّلَاةِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أعوذ بك من المأثم والمغرم» فَقَالَ لَهُ قَائِل مَا أَكثر مَا تستعيذ من المغرم يَا رَسُول الله فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ»

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে বর্ণিত দু'আটি দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিপদাপদ এবং সর্ববিধ অনভিপ্রেত অবস্থা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে একটি ব্যাপক দু'আ। এতে জাহান্নাম ও কবরের শাস্তি থেকে মুক্তি লাভের দু'আ বিধৃত হয়েছে, যার শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং যা মানুষের জন্য সবচেয়ে আধিক হতভাগ্য হওয়ার প্রমাণ। তার পর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া হয়েছে, যার প্রভাব থেকে ঈমান নিরাপদ রাখা বড়ই কঠিন ব্যাপার। এর পর জীবন মরণের সর্ববিধ ফিতনা পরীক্ষা, ছোট বড় বালা মুসীবাত এবং ভ্রষ্টতা থেকে পানাহ চাওয়া হয়েছে। এ দু'আ পাঠের উপযুক্ত সময় হল শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর এবং সালামের পূর্বে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)