মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩০
- নামাযের অধ্যায়
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ সেই ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে ব্যক্তি রাতে উঠিয়া নামায পড়ে এবং আপন স্ত্রীকেও জাগাইয়া দেয় এবং সেও নামায পড়িয়াছে, আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে, তাহার মুখে পানি ছিটকাইয়া দিয়াছে। এইরূপে আল্লাহ্ অনুগ্রহ বর্ষণ করুন সেই স্ত্রীলোকের প্রতি যে রাতে উঠিয়া নামায পড়িয়াছে এবং আপন স্বামীকেও জাগাইয়া দিয়াছে এবং সেও নামায পড়িয়াছে। আর যদি সে উঠিতে অস্বীকার করিয়াছে তাহার মুখমণ্ডলে পানি ছিটকাইয়া দিয়াছে। –আবু দাউদ ও নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ. رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ المَاء» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস বুঝার জন্য একথা স্মরণ রাখা উচিত যে, রাসূলুল্লাহ ﷺ তাঁর এই বাণী যে সব সাহাবীর সামনে পেশ করেন তাঁরা তাঁর মুখে তাহাজ্জুদের কথা শুনে এবং নবী কারীম ﷺ এর বাস্তব অবস্থা প্রত্যক্ষ করে এ সালাতে বান্দার কী কী উপকারিতা এবং এ থেকে বঞ্চিত হওয়ার ফলে কত বড় ক্ষতি হয়, এ ব্যাপারে দৃঢ়ভাবে আস্থাশীল ছিলেন। মর্যাদার পার্থক্য সত্ত্বেও পুরুষ ও মহিলা সাহাবীদের এ অবস্থা সাধারণভাবে পরিলক্ষিত হতো। তাই তাঁরা এ সম্পদ অর্জনের লক্ষ্যে সাধ্যমত আগ্রহী ছিলেন। তবুও কখনো কখনো এরূপ হয়ে যেত যে, কোন রাতে স্বামীর ঘুম ভাঙ্গত আর স্ত্রী নিদ্রায় বিভোর থাকত অথবা স্ত্রীর ঘুম ভাঙ্গত আর স্বামী নিদ্রায় বিভোর থাকত, তখন জাগ্রত ব্যক্তি ঘুমন্তকে উঠাতে চাইতো কিন্তু ঘুমের তীব্রতা ও অলসতা বশত যদি সে উঠতে না চাইত, তবে প্রীতির বন্ধনের উপর নির্ভর করে চেহারায় পানি ছিটিয়ে দিত এবং ঘুম ভাঙ্গত। বলাবাহুল্য একাজ বিরক্তি ও বিস্বাদের সৃষ্টি না করে বরং পারস্পরিক ভালবাসার বন্ধনে উন্নতি সাধিত হয়। উল্লেখ্য এই হাদীসের সম্পর্ক সেরূপ অবস্থার সাথেই সম্পৃক্ত। নবী কারীম ﷺ এর অনুপ্রেরণা ও উৎসাহ দান কেবল ঐ সব স্বামী স্ত্রীর জন্য যারা এ সম্মান পাবার যোগ্য এবং তাহাজ্জুদের সালাত আদায়ের ব্যাপারে আগ্রহী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)