মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৬৪
- নামাযের অধ্যায়
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৪। তাবেয়ী হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু কায়স বলেন, একদা আমি হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কয় রাকআত দ্বারা (রাত্রির নামাযকে) বিজোড় করিতেন? আয়েশা (রাঃ) বলিলেন, কখনও চারি রাকআত পড়িয়া তিন রাকআত দ্বারা উহাকে বিজোড় করিতেন, কখনও ছয় রাকআত পড়িয়া তিন রাকআত দ্বারা উহাকে বিজোড় করিতেন, কখনও আট রাকআত পড়িয়া তিন রাকআত দ্বারা উহাকে বিজোড় করিতেন, আর কখনও দশ রাকআত পড়িয়া তিন রাকআত দ্বারা উহাকে বিজোড় করিতেন ; কিন্তু তিনি (তাহাজ্জুদসহ) মোট সাত রাকআতের কম এবং তের রাকআতের অধিক কখনও (রাত্রির ) বিজোড় নামায পড়েন নাই। – আবু দাউদ
كتاب الصلاة
وَعَن عبد الله بن أبي قيس قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِكَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ؟ قَالَتْ: كَانَ يُوتِرُ بِأَرْبَعٍ وَثَلَاثٍ وَسِتٍّ وَثَلَاثٍ وَثَمَانٍ وَثَلَاثٍ وَعَشْرٍ وَثَلَاثٍ وَلَمْ يَكُنْ يُوتِرُ بِأَنْقَصَ مِنْ سَبْعٍ وَلَا بِأَكْثَرَ مِنْ ثَلَاث عشرَة. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন সাহাবী তাহাজ্জুদ ও সালাতুল বিতরকে একত্রে বিতর বলতেন। হযরত আয়েশা (রা) এ পদ্ধতির অনুসারী ছিলেন। তিনি এ হাদীসের আবদুল্লাহ্ ইবনে আবূ কুবায়সের জিজ্ঞাসার জবাবে উক্ত মূলনীতির উপর ভিত্তি করে উপস্থাপন করেন। তাঁর বাণীর মর্ম হচ্ছে এই যে, রাসূসুল্লাহ ﷺ সালাতুল বিতরের প্রথমে কখনো চার রাক'আত তাহাজ্জুদ আদায় করতেন, আমার কখনও ছয় রাক'আত, আবার কখনও আট রাক'আত, আবার কখনও দশ রাক'আত আদায় করতেন। কিন্তু সাধারণত চার রাক'আতের কম এবং দশ রাক'আতের বেশী তিনি তাহাজ্জুদ আদায় করতেন না এবং তাহাজ্জুদ সালাত শেষে তিনি তিন রাক'আত সালাতুল বিতর আদায় করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)