মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৬১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৬১। সাহাবিয়া হযরত উম্মুদ্দারদা (রাঃ) বলেন, আমি (আমার স্বামী) আবুদ্দারদাকে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি আবুল কাসেম (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা হযরত ঈসা নবী (আঃ)কে বলিয়াছিলেনঃ হে ঈসা! আমি তোমার পর এমন একটি উম্মতের সৃষ্টি করিব, যাহাদের নিকট যখন সুখবর কিছু পৌছিবে, তাহারা আল্লাহর শোকরিয়া আদায় করিবে এবং যখন তাহাদের প্রতি দুঃখকর কিছু বর্তাইবে, সবর করিবে এবং সওয়াবের আশা রাখিবে, অথচ তখন তাহাদের সহাশক্তি ও বুদ্ধি থাকিবে না। ঈসা (আঃ) বলিলেন, হে আমার প্রভু! ইহা তাহাদের পক্ষে কি করিয়া সম্ভবপর হইবে, যখন তাহাদের না সহ্যশক্তি থাকিবে, না বুদ্ধি। তখন আল্লাহ্ তা'আলা বলিলেনঃ আমি তাহাদিগকে আমার সহ্যশক্তি ও আমার বুদ্ধি হইতে কিছু দান করিব। — হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন ।
كتاب الجنائز
وَعَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ: سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: يَا عِيسَى إِنِّي بَاعِثٌ مِنْ بَعْدِكَ أُمَّةً إِذَا أَصَابَهُمْ مَا يُحِبُّونَ حَمِدُوا اللَّهَ وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ احْتَسَبُوا وَصَبَرُوا وَلَا حِلْمَ وَلَا عَقْلَ. فَقَالَ: يَا رَبِّ كَيْفَ يَكُونُ هَذَا لَهُمْ وَلَا حِلْمَ وَلَا عَقْلَ؟ قَالَ: أُعْطِيهِمْ مِنْ حِلْمِي وَعِلْمِي . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
হাদীসের ব্যাখ্যা:
হিলম এবং ইলম আল্লাহর দু'টো সিফাত। তিনি হালিম এবং আলিম। তিনি আখেরী নবীর উম্মতকে তাঁর এ দু'টো গুণ থেকে কিঞ্চিত হিসসা দান করেছেন। নিজেদের বিদ্যা-বুদ্ধি ও বিবেচনা শক্তির স্বল্পতা সত্ত্বেও এ দু'টো আল্লাহ প্রদত্ত গুণের দ্বারা মুসলিম উম্মত দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারে। যেরূপ 'হায়া' মুসলমানের বিশেষ গুণ, সেরূপ হিলম এবং ইলমও বিশেষ গুণ। যখন হায়ার সাথে হিলম ও ইলমের সংযোগ সাধিত হয়, তখন বান্দা এক অজেয় রূহানী শক্তি লাভ করে যার দ্বারা সে দুনিয়ার তামাম বালা-মুসীবত এবং বাতিল শক্তির হামলা মোকাবিলা করতে সক্ষম। বলা বাহুল্য, সাহাবায়ে কিরাম ও সলফে সালেহীন হায়া, হিলম এবং আসমানী ইলমের অপরাজেয় অস্ত্রের দ্বারা দুনিয়া জয় করেছেন, দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আল্লাহ আখিরাতেও তাঁদেরকে বিরাট ইনাম ও সাফল্য দান করবেন।
হে আল্লাহ! হায়া, হিলম এবং ইলমের দ্বারা মুসলিম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আখলাক সুন্দর করার তওফিক দিন। আমীন, সুম্মা আমীন।
হে আল্লাহ! হায়া, হিলম এবং ইলমের দ্বারা মুসলিম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আখলাক সুন্দর করার তওফিক দিন। আমীন, সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)