মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮২৯
- যাকাতের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮২৯। হযরত আবু রাফে (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বনী মাখযুম গোত্রের এক ব্যক্তিকে যাকাত উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করিয়া পাঠাইলেন। (কর্মস্থলে গমনকালে) তিনি আবু রাফে'কে বলিলেন, আমার সাথে চল যাহাতে তুমিও উহার কিছু পাইতে পার। তিনি বলিলেন, না, যে পর্যন্ত না আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাইয়া তাঁহাকে জিজ্ঞাসা করি। অতঃপর তিনি নবী করীম (ﷺ)-এর নিকট গেলেন এবং তাঁহাকে ইহা জিজ্ঞাসা করিলেন। নবী করীম (ﷺ) উত্তরে বলিলেনঃ আমাদের (বনী হাশেম গোত্রের) জন্য যাকাত হালাল নহে আর কোন গোত্রের দাস তাহাদের মধ্যেই গণ্য। (আর তুমি আমাদেরই দাস।) — তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب الزكاة
عَنْ أَبِي رَافِعٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ فَقَالَ لِأَبِي رَافِعٍ: اصْحَبْنِي كَيْمَا تُصِيبُ مِنْهَا. فَقَالَ: لَا حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ. فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ: «إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا وَإِنَّ مَوَالِيَ الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে একটি কথা তো এই জানা গেল যে, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর খান্দানের লোকদের জন্য যাকাত বৈধ নয়, তেমনিভাবে তাঁর এবং তাঁর খান্দানের লোকদের গোলামদের জন্যও যাকাত গ্রহণ বৈধ নয়। এমনকি আযাদ হয়ে যাওয়ার পরও তারা যাকাতের তহবিল থেকে কিছু নিতে পারবে না। দ্বিতীয় বিষয়টি এই জানা গেল যে, যাকাত তহশীলের বিনিময় ও পারিশ্রমিক হিসাবে ঐ যাকাত থেকে প্রত্যেক কর্মচারীকে (সে যদি ধনীও হয়) বেতন-ভাতা দেওয়া যায়। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর বংশের লোক এবং তাদের গোলামদের জন্য এরও অবকাশ নেই। তৃতীয় একটি বিষয় এ হাদীস থেকে এও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) এবং ইসলামী আইন গোলামদেরকে ঐ যুগে যখন দুনিয়াতে তাদের কোন মূল্যায়নই ছিল না- কি সুউচ্চ মর্যাদা দিয়েছিল এবং আইনগত মালিকদের খান্দানী বৈশিষ্ট্যসমূহের মধ্যে পর্যন্ত তাদেরকে অংশীদার করে দিয়েছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)