মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩১৪
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন বন্দা খালেস দিলে 'লা ইলাহা ইল্লাল্লাহ্' বলিবে, নিশ্চয় তাহার জন্য বেহেশতের দরজাসমূহ খোলা হইবে, যাবৎ না উহা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, যদি সে কবীরা গোনাহ্ হইতে বাঁচিয়া থাকে। – তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَالَ عَبْدٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا قَطُّ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّى يُفْضِيَ إِلَى الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِرَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

১. ‘যাবৎ না উহা আরশ পর্যন্ত পৌঁছে'—অর্থাৎ, উহা তাড়াতাড়ি পৌঁছে ও কবুল হয়। কিন্তু কবীরা গোনাহ করিলে গৌণে পৌঁছে ও গৌণে কবুল হয়, তবে কবুল হয়। কেননা, সাধারণতঃ গোনাহ্ কোন নেক কাজকে নষ্ট করিতে পারে না; বরং নেক কাজ গোনাহকে নষ্ট করে।

২. এ হাদীসে কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহর খাস ফযীলত বর্ণনা করা হয়েছে যে, যদি ইসলামের সাথে বিশুদ্ধ অন্তরে তা পাঠ করা হয় এবং আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টিকারী কবীরা গুনাসমূহ থেকে বান্দা সতর্কতার সাথে বিরত থাকে, তা হলে এ কালিমা আল্লাহর তা'আলা পর্যন্ত পৌঁছে যায়। এবং তাকে খাস মকবুলিয়তের দ্বারা ধন্য করা হয়। তিরমিযী শরীফের অপর একটি হাদীসে আছে:

وَلَا إِلَهَ إِلَّا اللّٰهُ لَيْسَ لَهُ حِجَابٌ مِنْ دُونِ اللّٰهِ حَتَّى تَخْلُصُ إِلَيْهِ.

কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহর মধ্যে কোন অন্তরায় নেই। এই কালিমা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহর যিকরের অন্যন্য কালিমার তুলনায় এ কালিমাটির বিশেষ বৈশিষ্ট্য ও ফযীলত আছে।

হযরত শাহ্ ওলীউল্লাহ্ (র) হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেন লা-ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হচ্ছে, তা শিরকে জলীকে চিরতরে খতম করে দেয়। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, তা শিরকে খফী বা গোপন শিরককেও খতম করে দেয়। তৃতীয় বিশেষত্ব হচ্ছে, তা বান্দা এবং মা'রিফতে ইলাহীর মধ্যেকার সকল পর্দাকে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে মা'রিফাত হাসিল এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান