মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৮৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সকালে উঠিতেন, বলিতেন, “আল্লাহ্! তোমারই সাহায্যে আমরা সকালে উঠি এবং তোমারই সাহায্যে আমরা সন্ধ্যায় পৌঁছি; তোমারই নামে আমরা বাঁচি এবং তোমারই নামে মরি, আর তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তন।” আর যখন সন্ধ্যায় উপনীত হইতেন, বলিতেন, “আল্লাহ্! তোমারই সাহায্যে আমরা সন্ধ্যায় উপনীত হই এবং তোমারই সাহায্যে সকালে উঠি; তোমারই নামে আমরা বাঁচি এবং তোমারই নামে মরি, তোমারই দিকে আমাদের উত্থান। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ» . وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

রাতের আঁধাররাশি বিদূরিত হওয়ার পর ভোরের আলোর উদয় আল্লাহ তা'আলার একটি বড় নিয়ামত স্বরূপ। মানুষ সাধারণত দিবা ভাগেই তার দৈনন্দিন কাজ-কর্ম করে থাকে। রাত্রির অবসানে ভোরের আগমন না ঘটলে তা হবে কিয়ামত তুল্য। অনুরূপ দিবা অবসানে সন্ধ্যার আগমন ও রাত্রির সূচনাও একটি বড় নিয়ামত স্বরূপ। সন্ধ্যা এসে দিবসের বিদায় ঘন্টা বাজিয়ে কর্ম ব্যস্ততা থেকে বিদায়ের বার্তা ঘোষণা করে। এবার বিশ্রাম ও আরামের পালা। যদি কোন দিন সন্ধ্যা না আসে, তাহলে কী অবস্থা দাঁড়াবে কর্মব্যস্ত মানুষের? রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে তাই শিক্ষা দিয়েছেন, সকাল-সন্ধ্যার আগমনে মানুষ যেন কৃতজ্ঞ চিত্তে আল্লাহ তা'আলার এ নিয়ামতের স্বীকারোক্তি করে। সাথে সাথে তারা যেন একথাও স্মরণ করে যে, যেভাবে তাঁরই হুকুমে দিবাভাগের অবসানে ঘটে রাত্রির আগমন, আর রাত্রির অবসানে ঘটে দিনের আগমন, ঠিক তেমনি চলছে আমাদের জীবনও। তাঁরই নির্ধারিত সময়ে একদিন মৃত্যু এসে আলিঙ্গন করবে এবং আল্লাহর সমীপে গিয়ে উপস্থিত হতে হবে।

মোদ্দা কথা, প্রতিদিন সকাল-সন্ধ্যায় আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি করা এবং মৃত্যু ও আখিরাতকে স্মরণ করা চাই। কোন সকাল বা সন্ধ্যায়ই এ ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান