মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৪৪
- যাবতীয় দোয়া-যিক্র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৪। হযরত আবু মালেক আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে, “আল্লাহ্ ! আমি তোমার নিকট আগমন ও নির্গমনের মঙ্গল চাহি। তোমার নামে আমি প্রবেশ করি (ও বাহির হই)। আমাদের রব আল্লাহর নামে ভরসা করিলাম।” অতঃপর যেন আপন পরিবারের লোকদের প্রতি সালাম দেয়। –আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَى أَهْلِهِ . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ তা'লীম ও হিদায়াতের মর্মকথা হচ্ছে ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হওয়ার সময় বান্দার অন্তরের নজর থাকবে আল্লাহ তা'আলার উপর। তার যবানে থাকবে তাঁরই পবিত্র নাম এবং একথার দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করবে যে, প্রতিটি কল্যাণ ও বরকত তাঁরই হাতে রয়েছে। দু'আ ও প্রার্থনা করতে হবে তাঁরই সমীপে। তাঁরই দয়া-দাক্ষিণ্যের প্রতি ভরসা করতে হবে। তারপর ঘরের ছোট-বড় সকলকে সালাম দিতে হবে-যা প্রকৃত পক্ষে তাদের জন্যে আল্লাহর দরবারে কল্যাণ ও বরকতের দু'আরই নামান্তর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)