মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৪৬
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৬। হযরত আমর ইবনে শোআইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ কোন নারী বিবাহ করে অথবা কোন খাদেম খরিদ করে তখন সে যেন বলে, “আল্লাহ্! আমি তোমার নিকট তাহার মঙ্গল এবং তাহাকে যে নেক চরিত্রের সাথে সৃষ্টি করিয়াছ তাহার মঙ্গল চাহি। আর আমি তোমার নিকট তাহার মন্দ ও তাহাকে যে মন্দ চরিত্রের সাথে সৃষ্টি করিয়াছ তাহা হইতে পানাহ্ চাহি।” এবং যখন সে উট খরিদ করে, তখন উহার চোটের শীর্ষস্থান ধরিয়া যেন উহার ন্যায় বলে। অপর এক বর্ণনায় নারী ও খাদেম সম্পর্কে বলা হইয়াছে, তখন সে যেন তাহার চুলের সম্মুখভাগ ধরিয়া বরকতের দোআ করে। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَإِذَا اشْتَرَى بَعِيرًا فليأخُذْ بِذروةِ سنامِهِ ولْيَقُلْ مِثْلَ ذَلِكَ» . وَفِي رِوَايَةٍ فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ: «ثُمَّ لْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার বিভিন্ন জাতি ও গোষ্ঠির মধ্যে বিয়ে শাদী উপলক্ষে মুবারকবাদ প্রদানের বিভিন্ন প্রথা চালু আছে। এ উপলক্ষে রাসুলুল্লাহ ﷺ স্বীয় শিক্ষা ও কার্যপ্রণালী দ্বারা এ পদ্ধতি নির্ধারণ করেছেন যে, উভয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দু'আ করা হবে। যার অর্থ আল্লাহ তা'আলা তোমাদেরকে পরিপূর্ণ কল্যাণ ও উত্তম জিনিস দান করুন ও তাঁর অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করুন। বিয়ে-শাদী মানুষের দৈহিক উত্তেজনা প্রশমনের অবলম্বন; তবে রাসূলুল্লাহ ﷺ এসব দু'আ শিক্ষা দিয়ে এটাকেও আল্লাহর নৈকট্য লাভের উপায় ও উৎকৃষ্ট কাজে পরিণত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান